হাইকোর্টে বড় স্বস্তি মহুয়া মৈত্রের, জানুয়ারি পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

Published:

Mahua Moitra

প্রীতি পোদ্দার, কলকাতা: হাইকোর্টে এবার বড় স্বস্তি পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আজ বৃহস্পতিবার শুনানিতে মমতাপন্থী সাংসদের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল আদালত (Calcutta High court)। বিচারপতির তরফে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদের পুলিশি নিরাপত্তা বজায় থাকবে। এমনকি রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে তাঁকে সব ধরনের সুরক্ষা দিতে হবে। তবে রক্ষাকবচ (Mahua Moitra Interim Protection) থাকলেও তদন্ত চলবে আর সেখানে সহযোগিতা করতে হবে সাংসদকে।

আদালতের নির্দেশ মেনে হাজিরা মহুয়ার

গত জুলাই মাসে কৃষ্ণনগরের সাংসদের বোরখা মন্তব্যের জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। আর সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন মহুয়া। অবশেষে সেই মামলাতে কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যদি ওই মামলায় মহুয়া মৈত্র থানায় হাজিরা দেয় তবেই রক্ষাকবচ বহাল থাকবে। আর সেই মতো আদালতের নির্দেশ মেনে হাজিরা দিতেই বড় রায় দিল হাইকোর্ট।

অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার, হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, এই মামলায় আগামী ২৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না এবং তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে। পাশাপাশি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ জানুয়ারি, ২০২৭। এর পাশাপাশি, কৃষ্ণনগরের সাংসদ নিজ সংসদীয় এলাকায় ডিম থেরাপির শিকার হয়েছিলেন। তা নিয়ে আদালতে মামলাও করেছিলেন। ওই মামলায় মহুয়ার নিরাপত্তা আপাতত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পড়ুন: প্যাঁচে পড়েই সুর বদল! বৈরিতা ভুলে বামেদের প্রস্তাবে সায় মমতার

পুলিশে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি আদালত

সম্প্রতি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া ও কালো পতাকা দেখানোর যে ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি স্থানান্তরিত করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহুয়া মৈত্র নিজের লোকসভা কেন্দ্রে উপস্থিত থাকলে বা যাতায়াত করলে পুলিশি নিরাপত্তা তাঁর সঙ্গেই থাকবে। এই নির্দেশের ফলে নিজের নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাময়িক নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা পেলেন সাংসদ।

আইনি জট কাটছে না মহুয়ার

যদিও সার্বিকভাবে মহুয়া মৈত্রের অস্বস্তি কমছে না। গত ১ সেপ্টেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র, যা নিয়ে আপত্তি জানান ডায়মন্ড হারবারের এক ব্যক্তি। এবং সেই প্রেক্ষিতেই ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের করেন। কিন্তু একাধিকবার থানায় তলব করার পরেও হাজিরা না দেওয়ায় ফের মহুয়া মৈত্রকে আগামী ৩ অক্টোবর থানায় পুনরায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে বুধবার।

google button