প্রীতি পোদ্দার, কলকাতা: সই জাল কাণ্ডে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! CID-র নজরদারির মাঝেই এবার আদালতের (Calcutta High Court) ধমক খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, রক্ষাকবচ চেয়ে করা মামলায় বিধায়কদের সই জাল কাণ্ডে বারংবার CID-র হাজিরা এড়ানোর জন্য ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি। অভিষেককে স্পষ্ট জানিয়ে দেন, “কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতে হবে।”
CID-র নোটিশের ভিত্তিতে মামলা অভিষেকের
সই জাল কাণ্ডেই রক্ষাকবচ চেয়ে CID-র নোটিশের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। গতকাল, বুধবার এই বিষয়ে অভিষেকের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার অভিষেকের মামলাটি হাইকোর্টে উঠলে চরম বিপাকে পড়লেন মমতার সেনাপতি। সিআইডি দপ্তরে হাজিরা না দেওয়া নিয়ে রীতিমত বিচারপতির ক্ষোভের মুখে পড়লেন তিনি।
একটাও হাজিরা দেননি অভিষেক
বিগত কয়েকদিন ধরেই বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। এমতাবস্থায় পরপর তিনবার সিআইডি হাজিরা এড়িয়েছেন তিনি। গত মঙ্গলবার বিকেল ৫ টায় তৃতীয় হাজিরার ডেডলাইন ছিল। কিন্তু শনিবার দিল্লিতে, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ায় সেই হাজিরও দেননি তিনি। এরপরই তদন্তকারী সংস্থার তরফে যোগাযোগ করা হয় দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। খোঁজ নেওয়া হয় তাঁর গতিবিধির। আশঙ্কা করা হচ্ছে কলকাতায় নামলেই তিনি গ্রেপ্তার হবেন। এই অবস্থায় আজই হাই কোর্টে ওঠে অভিষেকের রক্ষাকবচের মামলা।
কড়া নির্দেশ হাইকোর্টের
রিপোর্ট অনুযায়ী, হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলাটি উঠলে তিনি প্রশ্ন তোলেন যেন অভিষেক বারংবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন? এরপরই কড়া ভাষায় বলেন, “ কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।” আদালত সূত্রের খবর, এরপরই বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন যে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৬ টার মধ্যে ভবানী ভবনে CID দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি রক্ষাকবচও দেওয়া হয়েছে অভিষেককে। জানানো হয়েছে, আগামী ২১ দিন গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
আরও পড়ুন: প্রতি বছর হবে SSC-PSC, দায়িত্ব পেয়েই স্বচ্ছ নিয়োগের বার্তা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের
প্রসঙ্গত, এইমুহুর্তে ইন্ডিয়া জোটের বৈঠকের কারণে দিল্লিতেই রয়েছেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ বিকেল ৪ টেয় কলকাতা ফেরার কথা তাঁর। আর তাই সেই কারণেই ৬ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আদালতের তরফে। যদিও এইমুহুর্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলেও গ্রেপ্তারির ভয় নেই অভিষেকের। এখন দেখার আদালতের নির্দেশ কতটা মানেন তিনি।










