প্রীতি পোদ্দার, কলকাতা: বড় খবর, তৃণমূলের আমলে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কোলাঘাটের অফিস বাড়িতে তল্লাশি সংক্রান্ত যে মামলা (Kolaghat Case) করা হয়েছিল তা শেষপর্যন্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, আজ মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট দিয়ে কোলাঘাট থানা স্পষ্ট জানিয়ে দেয় যে, ওই তল্লাশি থেকে কিছুই পাওয়া যায়নি। ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল। আর সেই রিপোর্ট পাওয়ার পরই মামলা নিয়ে বড় রায় দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।
৭০-৮০ জন পুলিশকর্মী তদন্ত করেছিল
লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, ৭০-৮০ জন পুলিশকর্মী বাড়ি ঘিরে ফেলেছিল। পুলিশের দাবি ছিল এক দুষ্কৃতীর খোঁজে সেখানে তল্লাশি চালাতে গিয়েছিল। কিন্তু শুভেন্দু সেই সময় অভিযোগ করেছিলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ‘তদন্ত’ হয়েছে। এছাড়াও তাঁর দাবি ছিল, বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে?
কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন শুভেন্দু
জানা গিয়েছে, সেই সময় কোলাঘাটের অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু। কমিশনের কাছে যে চিঠি লিখেছিলেন, তার মধ্যে পুলিশ সুপার IPS সৌম্যদীপ ভট্টাচার্য, ASP আইপিএস নিখিল আগরওয়াল, তমলুকের সার্কেল ইন্সপেক্টর চম্পকরঞ্জন চৌধুরী, CMG সেল ওসি সৌরভ মিত্র, MTO অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৌশিক ঢাল, কোলাঘাট থানার ওসি সৌরভ চিন্নারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল এই ঘটনায় পুলিশের সঙ্গে জড়িত ছিল আইপ্যাকের বেশ কয়েকজন। কিন্তু এবার সেই মামলা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: ‘অতিবামপন্থীদের তাড়াতে কার্বলিক অ্যাসিড লাগবে..’ বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং
মামলা খারিজ হাইকোর্টের
সূত্রের খবর, আজ হাইকোর্টে কোলাঘাট মামলার তদন্তের রিপোর্ট জমা দেয় কোলাঘাট থানা। সেখানে স্পষ্ট জানানো হয় যে, ওই তল্লাশি থেকে কিছুই পাওয়া যায়নি। সেই সময় মূলত রাজনৈতিক উদ্দেশে ওই তল্লাশি অভিযান চলেছিল। ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল। আর সেই কারণেই তদন্ত এগোয়নি। পুলিশের কাছ থেকে পুরো বিষয়টি শোনার পরেই শেষপর্যন্ত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের মামলা খারিজ করল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।










