সহেলি মিত্র, কলকাতাঃ পারিবারিক পেনশন (Family Pension) নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। ডিভোর্সি-অবিবাহিত-বিধবা মেয়ে কি পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য? আর যোগ্য হলে কতদিনের মধ্যে টাকা পাবেন তাঁরা? এই নিয়ে বড় মন্তব্য করেছে আদালত (Calcutta High Court)। ডিভোর্সি মেয়ে কি বাবার পেনশন পাওয়ার যোগ্য? চলুন জেনে নেবেন।
পারিবারিক পেনশন নিয়ে বড় বার্তা হাইকোর্টের
বাবার মৃত্যুর সময় মেয়ে বিবাহিত থাকলে, পরবর্তীতে তাঁর বিবাহবিচ্ছেদ হলেও তিনি বাবার পারিবারিক পেনশনের দাবিদার হতে পারবেন না। বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ জানায়, শুধু অবিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্ন হলেই ফ্যামিলি পেনশনের অধিকার তৈরি হয় না। বাবার মৃত্যুর সময় সংশ্লিষ্ট কন্যাকে ওই শ্রেণির মধ্যে থাকতে হবে এবং আর্থিকভাবে বাবার উপর নির্ভরশীল হতে হবে।
পেনশনের আবেদন খারিজ
আদালতের মতে, কর্মচারী বা পেনশনভোগী বাবার মৃত্যুর তারিখই ফ্যামিলি পেনশনের যোগ্যতা নির্ধারণের মূল ‘কাট অফ ডেট’। পরবর্তীতে বৈবাহিক অবস্থার পরিবর্তন হলে নতুন করে পেনশনের অধিকার তৈরি হবে না। মামলাটি করেন গায়ত্রী মুখোপাধ্যায়। তাঁর বাবা কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় (CSTC) কর্মরত ছিলেন। গায়ত্রীর দাবি ছিল, স্বামী তাঁকে পরিত্যাগ করার পর ২০০১ সাল থেকে তিনি বাবার উপর নির্ভরশীল ছিলেন। ২০০৮ সালের সরকারি বিজ্ঞপ্তিতে অবিবাহিত, বিধবা ও বিবাহবিচ্ছিন্ন কন্যাদের ‘ফ্যামিলি’-র অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও তিনি যুক্তি দেন।
আরও পড়ুনঃ ডেডলাইন ৩১ অক্টোবর, সপ্তম বেতন পে কমিশন নিয়ে ওয়েবসাইট খুলল নবান্ন
তবে আদালতে জানানো হয়, গায়ত্রীর বাবা ২০১৮ সালে মারা যান এবং তাঁর বিবাহবিচ্ছেদের মামলা করা হয়েছিল ২০২১ সালে। এর আগে করা একটি ডিভোর্স সুটও খারিজ হয়ে যায়। ফলে বাবার মৃত্যুর সময় তিনি আইনত বিবাহবিচ্ছিন্ন ছিলেন না। এই কারণেই তাঁর ফ্যামিলি পেনশনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে, একজন বিবাহবিচ্ছেদপ্রাপ্ত কন্যা পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হবেন, যদি তিনি পেনশনভোগীর উপর নির্ভরশীল হন এবং পেনশনভোগীর জীবদ্দশায় বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়ে থাকে।










