বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধর্মতলার সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মন্তব্য নিয়ে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় শেষ পর্যন্ত সমস্ত দিক বিচার করে বুধবার, মমতার বিরুদ্ধে হওয়া মামলা সংক্রান্ত সমস্ত অভিযোগ খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি যুগের ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাংলাদেশ নিয়ে মন্তব্যে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই সেই জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। এ নিয়ে আগেই রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলেছিল উচ্চ আদালত। গত পহেলা সেপ্টেম্বর, মামলার শুনানি চলাকালীন মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়। সেই মতোই, বুধবার রাজ্য সরকারের তরফে আদালতে জানিয়ে দেওয়া হল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালতে অগ্রাহ্য হয় এমন কোনও অপরাধ হয় নেই। আর সেটা শুনেই মামলা খারিজ করলেন বিচারপতি রবীন্দ্র যুগ।
রাজ্যে পালাবদলের পর ধর্মতলার সভামঞ্চ থেকে নাম না করে বাংলাদেশের ছাত্রনেতা প্রয়াত ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেছিলেন মমতা, এমনটাই মত অনেকেরই। তা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক অভ্রতনু সরকার। পরবর্তীতে পহেলা সেপ্টেম্বর সেই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেছিলেন, “যে যা খুশি বলবেন, আর সেটাই শুনতে হবে? আর এটা কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য করতে হবে?” বিচারপতি এও বলেছিলেন আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: রুমের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গুকেশদের, টিম ইন্ডিয়ায়কে অপমান করল উজবেকিস্তান!
গত 2 জুন ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হওয়া জনস্বার্থ মামলার আবেদন বুধবার পুরোপুরি খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এই ধরনের ঘটনাকে জনস্বার্থ মামলা হিসেবে মান্যতা দেওয়ার স্বপক্ষে কোনও শক্তপোক্ত প্রমাণ নেই। সে কথা রাজ্য সরকারের তরফে স্বীকার করে নেওয়ায় কলকাতা হাইকোর্টে বড় জয় পেলেন মমতা।










