আনিষা চৌধুরী, কলকাতা: কালীপুজো (Kali Puja) আসার আগেই বাড়িঘর পরিষ্কারের তোড়জোড় শুরু হয়ে যায়। দেওয়ালের ঝুল-ঝাড়া থেকে শুরু করে বাগান পরিষ্কার, ঘর সাজানো থেকে টুনি লাইট লাগানো সবকিছু নিয়েই ব্যস্ত হয়ে ওঠে প্রতিটা বাড়ি। তবে শুধু ঘরদোর পরিষ্কার করলেই তো হবে না, বাড়ির বাথরুমটিকেও (Bathroom) পরিচ্ছন্ন রাখা জরুরি। দীর্ঘদিন ব্যবহারের ফলে বাথরুমের মেঝে ও দেওয়ালের টাইলসে হলুদ দাগ, সাবানের আস্তরণ এবং কালচে ময়লা জমে যায়। অনেক সময় দামি ক্লিনার ব্যবহার করেও সহজে সেই দাগ দূর করা সম্ভব হয় না। তবে কয়েকটি সাধারণ ঘরোয়া উপাদান এবং সহজ পদ্ধতি অনুসরণ করলেই বাথরুমের টাইলস পরিষ্কার করে চকচকে করে তোলা যেতে পারে। রইল এমনই কয়েকটি সহজ উপায়।
১. ডিশওয়াশ লিকুইড দিয়ে পরিষ্কার করুন:
টাইলসের গায়ে জমে থাকা তেলচিটে ময়লা ও সাবানের আস্তরণ দূর করতে ডিশওয়াশ লিকুইড ব্যবহার করতে পারেন। আধ লিটার জলে এক চা চামচ ডিশওয়াশ লিকুইড মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর সেই মিশ্রণ টাইলসের উপর স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই ময়লা অনেকটা দূর হবে।
২. বেকিং সোডার ব্যবহার:
বাথরুমের টাইলসে হলুদ দাগ কিংবা জেদি ময়লা জমে গেলে বেকিং সোডা কাজে লাগতে পারে। সামান্য বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর দাগযুক্ত জায়গায় সেই পেস্ট লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। পরে নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩. ভিনিগার দিয়ে পরিষ্কার:
টাইলসের উপর সাবানের আস্তরণ এবং জলের দাগ জমলে ভিনিগার ব্যবহার ব্যবহার করুন। সমপরিমাণ জল ও সাদা ভিনিগার মিশিয়ে দাগযুক্ত জায়গায় লাগান। কয়েক মিনিট অপেক্ষা করে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন। তবে দুটি জিনিস মাথায় রাখবেন, মার্বেল বা প্রাকৃতিক পাথরের উপর ভিনিগার ব্যবহার করবেন না। পাশাপাশি ব্লিচের সঙ্গে কখনও ভিনিগার মেশাবেন না।
৪. পুরনো টুথব্রাশের সাহায্য নিন:
বাথরুমের টাইলসের মাঝখানে থাকা গ্রাউট বা জোড়ের অংশ ময়লা জমে কালচে হয়ে যায়। বড় ব্রাশ দিয়ে সেই জায়গাগুলি পরিষ্কার করা কঠিন। এক্ষেত্রে পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন। সাবানজল বা বেকিং সোডার পেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষলে জমে থাকা ময়লা সহজে পরিষ্কার হয়ে যাবে।
৫. লেবু ও নুনের ব্যবহার:
টাইলসের উপর হালকা দাগ বা ময়লা জমলে লেবুর রস ও সামান্য নুন ব্যবহার করা যেতে পারে। দাগযুক্ত জায়গায় এই মিশ্রণ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে মার্বেল, প্রাকৃতিক পাথর বা সংবেদনশীল টাইলসে এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো।
৬. মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন:
বাথরুমের টাইলস পরিষ্কারের পরও অনেক সময় জলের দাগ থেকে যায়। সেক্ষেত্রে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে টাইলস মুছে নিতে পারেন। বাথরুমের আয়না ও কাচের উপর জমে থাকা জলের ছোপ দূর করতেও এই কাপড় বেশ কার্যকর।
৭. ওয়াইপার দিয়ে জল পরিষ্কার করুন:
বাথরুমের মেঝে ও দেওয়ালের টাইলসে জল জমে থাকলে ধীরে ধীরে দাগ ও ময়লা তৈরি হতে পারে। তাই স্নানের পর লম্বা হাতলযুক্ত ওয়াইপার দিয়ে অতিরিক্ত জল সরিয়ে ফেলুন। এতে টাইলস শুকনো থাকবে এবং জলের দাগ জমার প্রবণতাও কমবে।
আরও পড়ুন: স্লাইডিং জানলা ও দরজার রেলিং পরিষ্কার করার সহজ উপায়
তবে বাথরুম পরিষ্কারের সময় কয়েকটি সতর্কতা মেনে চলা জরুরি। ব্লিচের সঙ্গে ভিনিগার, অ্যাসিড বা অ্যামোনিয়া কখনও মেশাবেন না। এতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যে কোনও পরিষ্কারক ব্যবহারের আগে টাইলসের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। পাশাপাশি পরিষ্কারের সময় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। নিয়মিত এই পদ্ধতিগুলি মেনে চললে দামি ক্লিনারের পিছনে বেশি টাকা খরচ না করেও বাথরুমকে পরিচ্ছন্ন ও ঝকঝকে রাখতে পারবেন।










