শুকিয়ে যাচ্ছে গাঁদা গাছ? সারা বছর ফুল পেতে মেনে চলুন এই ৬টি নিয়ম

Published:

marigold-plant

আনিষা চৌধুরী, কলকাতা: বাড়ির ছাদ, বারান্দা কিংবা বাগানের সৌন্দর্য বাড়াতে অনেকেই গাঁদা ফুলের (Marigold Plants) গাছ লাগান। তবে অনেক সময় সঠিক পরিচর্যার অভাবে গাছের বৃদ্ধি থমকে যায়, পাতা শুকিয়ে যায়, এমনকি ধীরে ধীরে ফুল ফোটার পরিমাণও কমতে থাকে। আপনিও কি এমনই সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, মাত্র কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই গাঁদা গাছকে সুস্থ ও সতেজ রাখা সম্ভব। গাছের প্রতিটি ডালে যাতে নতুন ফুল ফোটে, তার জন্য কী কী বিষয় মাথায় রাখবেন, জেনে নিন।

গাঁদা গাছের পরিচর্যার পদ্ধতি

১. গাছের জন্য বেছে নিন বড় টব:

গাঁদা গাছের ভালো বৃদ্ধির জন্য শিকড় ছড়ানোর পর্যাপ্ত জায়গা থাকা জরুরি। তাই খুব ছোট টবে গাছ না লাগিয়ে ৮-১০ ইঞ্চির টব বেছে নিন। পাশাপাশি টবের নীচে জল বেরিয়ে যাওয়ার জন্য ছিদ্র থাকা দরকার। এতে অতিরিক্ত জল জমে শিকড় পচে যাওয়ার আশঙ্কা কমবে। সঠিক টব বেছে নেওয়াটা কিন্তু গাছের বৃদ্ধিতে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ।

২. পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছতে দিন:

গাঁদা গাছের বেড়ে ওঠা এবং বেশি ফুল ফোটার জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন এটি কিন্তু ইনডোর প্ল্যান্ট নয়। তাই ঘরের অন্ধকারে এর বৃদ্ধি কোনওভাবেই হবে না। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি রোদ পায়, এমন জায়গায় টব রাখুন। পর্যাপ্ত আলো না পেলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং ফুলের সংখ্যাও কমে যেতে পারে।

৩. জল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন:

অনেকেই গাছ ভালো রাখার জন্য প্রতিদিন প্রচুর জল দিয়ে থাকেন। বেশি বেশি জল দিলেই কি গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হবে? একেবারেই নয়। অতিরিক্ত জল গাঁদা গাছের ক্ষতি করতে পারে। তাই টবের মাটির উপরের এক থেকে দুই ইঞ্চি অংশ শুকিয়ে গেলেই জল দিন। মাটিতে যেন দীর্ঘক্ষণ জল জমে না থাকে, সেদিকেও নজর রাখতে হবে।

৪. প্রথম দিকে ফোটা ফুলগুলি ছেঁটে দিন:

গাছের বৃদ্ধি বাড়াতে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারেন। গাছে প্রথম এক-দুটি ফুল এলে সেগুলি ছেঁটে দিলে নতুন শাখা বেরোনোর সুযোগ তৈরি হয়। এর ফলে গাছ পাতা এবং শাখায় ভরে যাবে। পাশাপাশি, পরবর্তীকালে আরও বেশি ফুল ধারণেও সক্ষম হয়ে উঠবে।

৫. শুকনো ফুল ও পাতা সরিয়ে ফেলুন:

গাছে ফুল শুকিয়ে গেলে সেগুলি রেখে দেবেন না। ফুলের নীচের ডাঁটির কাছ থেকে শুকনো অংশ কেটে সরিয়ে দিন। একইভাবে হলুদ হয়ে যাওয়া বা শুকনো পাতাও পরিষ্কার করুন। এতে গাছের অপ্রয়োজনীয় অংশে পুষ্টি খরচ হবে না এবং নতুন কুঁড়ি তৈরিতে সাহায্য মিলবে।

৬. নিয়মিত সার দিন:

গাঁদা গাছের বৃদ্ধির জন্য মাটিতে পর্যাপ্ত পুষ্টি থাকা দরকার। তাই মাসে একবার মাটি হালকা করে আলগা করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন। এছাড়া ফুলের কুঁড়ি আসার আগে পটাশ ব্যবহার করুন, উপকার পাবেন। তবে যেকোনও সার বা পটাশ ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশিত মাত্রা মেনে চলুন। অতিরিক্ত সার গাছের ক্ষতি করতে পারে।

আরও পড়ুন: ক্যালেন্ডুলা থেকে চন্দ্রমল্লিকা, শীত আসার আগেই বাগান সাজাতে লাগান এই ৪ ফুল

গাঁদা গাছের পরিচর্যার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। সঠিক টব, পর্যাপ্ত রোদ, পরিমিত জল এবং নিয়মিত ছাঁটাই ও সার দিলেই গাছ ভালোভাবে বেড়ে উঠবে। এই কয়েকটি বিষয় নিয়মিত খেয়াল রাখলে আপনার বাড়ির গাঁদা গাছেও নতুন শাখা গজাবে এবং সারা বছর গাছ ফুলে ভরে থাকবে।

google button