অনন্যা সরকার, কলকাতা: শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাচিত্র নবদ্বীপের মায়াপুর থেকে বাংলার আরও এক জনপ্রিয় পর্যটনক্ষেত্র দিঘা যাওয়া এখন হয়ে গেছে আরও অনেক সহজ। সরাসরি সরকারি বাসে করে মায়াপুর ইসকন মন্দির থেকে পৌঁছে যাওয়া যাবে সৈকত শহরে (Mayapur Digha Bus)। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) নদিয়ার মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা পর্যন্ত একটি সরাসরি বাস পরিষেবা চালু করেছে। মায়াপুরের ইসকন মন্দির থেকে যাত্রা শুরু করে বাসটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকার ওপর দিয়ে ওল্ড দিঘায় পৌঁছায়। আসুন তাহলে এই এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
এসবিএসটিসি-এর মায়াপুর বাসের রুট ও সময়সূচি
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাসের যাত্রাপথটি শুরু হচ্ছে শ্রীশ্রী মায়াপুর ধাম ইসকন মন্দির থেকে। সেখান থেকে বাসটি যাবে ভায়া বামনপুকুর – চৌগাছা – কৃষ্ণনগর হাই রোড – পালপাড়া মোড় – শান্তিপুর বাইপাস – ফুলিয়া – রানাঘাট – চাকদহ – জাগুলি – আউলসিদ্ধি – বারাসাত – এয়ারপোর্ট – ডানলপ – দক্ষিণেশ্বর – ধুলাগড় – বাগনান – মেচেদা – নন্দকুমার – বাজকুল – কাঁথি – পিছাবনী – চাউলখোলা, বালিশাই – চোদ্দমাইল – অলঙ্কারপুর – রামনগর – ওল্ড দিঘা।
প্রদত্ত সময়সূচি অনুযায়ী, বাসটি দিঘা যাওয়ার সময় মায়াপুর ইসকন মন্দির থেকে সকাল ৬:৩০ টায় এবং কৃষ্ণনগর থেকে সকাল ৭:০০ টায় ছাড়বে। অন্যদিকে, মায়াপুর ফেরার সময় দিঘা ডিপো থেকে বাসটি ছাড়বে সকাল ৮:০০ টায়।
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে সরাসরি মায়াপুর ইসকন মন্দির যাওয়ার বাস, রইল রুট ও সময়সূচি
এই পরিষেবার জন্য অশোক লেল্যান্ড ভাইকিং বিএস৬ (Ashok Leyland Viking BS6) মডেলের বাসটি ব্যবহার করা হয়। এটি দিঘা ডিপো দ্বারা পরিচালিত এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে চলে।
এই সরকারি বাসটি কৃষ্ণনগর, রানাঘাট, বারাসাত এবং দমদম বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর দিয়ে যাওয়ায় যাত্রীরা এই পরিষেবা থেকে বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়া, নয়া এই বাসটি ধর্মীয় পর্যটন কেন্দ্র মায়াপুরের সঙ্গে সৈকত শহর দিঘার সরাসরি সংযোগ স্থাপন করেছে। তাছাড়া, সরকারি হওয়ায় এই দূরপাল্লার বাসে মহিলাযাত্রীরা বিনামূল্যে যাত্রা করতে পারেন।










