তালা ভেঙে অভিষেকের বাড়িতে তল্লাশি রাজ্য ও কেন্দ্রীয় পুলিশের, ঘটনাস্থলে মমতাও

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে তালা ভেঙে ঢুকল পুলিশ। ভোরবেলা থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছিল তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডের কালীঘাটের বাড়ি। তবে সকাল হতেই শালবনী থানার পুলিশ একেবারে কেন্দ্র বাহিনীকে নিয়ে তাঁর বাড়ির ভেতরে ঢোকে। বাধা পড়তেই তালা ভাঙতে বাধ্য হয় আধিকারিকরা। কী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

সাতসকালে অভিষেকের বাড়িতে পুলিশ

সূত্রের খবর, তৃণমূল সাংসদের পটুয়াপাড়ার বাড়িতে আজ ভোর ৩ টা থেকেই কেন্দ্রীয় বাহিনী জমায়েত করে। পুলিশের একাধিক গাড়ি দাঁড় করানো হয় তাঁর বাড়ির সামনেই, এবং তাঁরা বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু বাড়ির সদস্যদের ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সারা মেলেনি। তাই পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় পুলিশ আধিকারিকদের। তারপর সকাল সাতটার দিকে কয়েকজন পুলিশ কর্মী বেরিয়ে যান। কিন্তু ফের তাঁরা ফিরে এসে তালা ভেঙে ভিতরে ঢুকে আটটার দিকে অভিষেকের বাড়ি ছাড়েন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আপ্তসহায়কের খোঁজে রাজ্য এবং কেন্দ্র পুলিশের বিশাল বাহিনী তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিল। এমনকি খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পুলিশ বেরনোর পর মমতা অভিষেকের বাড়ি ছাড়েন, এবং ঘটনাস্থল থেকে বেরিয়ে অভিষেক বলেন যে, তালা ভেঙে ঢুকে ওরা গোটা বাড়ি সার্চ করেছে। সব কিছুই রেকর্ড হয়েছে। ওদের সঙ্গে মহিলা আধিকারিকরাও ছিল।

আরও পড়ুন: স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন

না বললেই নয়, গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সেখানে কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূল সাংসদ এমনটাই খবর। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে জেরা করা হয় তাঁকে। ঐদিন রাত সাড়ে এগারোটার পর বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এমনকি গতকাল বিকালেও সিআইডি আধিকারিকরা হানা দেন অভিষেকের বাড়িতে। যদিও তখন তিনি বাড়িতে ছিলেন না। তবে আজ শুধু আপ্তসহায়কের খোঁজেই পুলিশ হানা দিয়েছিল কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।