প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার আসতেই একের পর গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতা, কাউন্সিলর। আর এ বার পুলিশের জালে পড়ল কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল (Shams Iqbal)। ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে তিনি নাকি তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘনিষ্ঠ বলেও পরিচিত রাজনৈতিক মহলে। তাই স্বাভাবিকভাবেই তোলাবাজির এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন শামস
কিছুদিন আগেই যোগ দিবসের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন শামস ইকবাল। এমনকি ফিরহাদের মতোই নাম লিখিয়েছিলেন ঋতব্রত-শিবিরে, আর তারপরই তোলাবাজির ঘটনায় গ্রেফতারের মুখে পড়লেন তিনি। গার্ডেনরিচে পুলিশ কর্মী তাপস চৌধুরী খুনে অভিযুক্ত মুন্না ইকবালের ছেলে শামস ইকবাল। সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন বেশ জনপ্রিয়, ঠিক তেমনই আবার রাজনীতির কেরিয়ারে তাঁর পারফরম্যান্স আলাদাই চমক এনে দেয়। এক কথায় বাবার হাত ধরেই রাজনীতিতে পা দিয়েছিলেন তিনি। ২০২১ সালের কলকাতা পৌরসভা নির্বাচনে একমাত্র তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।
তাক লাগানো লাইফস্টাইল শামস ইকবালের
সূত্রের খবর, কয়েক হাজার কোটি টাকার মালিক এই শামস ইকবাল। গার্ডেনরিচ এবং মেটিয়াবুরুজ এলাকায় তাঁর সাম্রাজ্য চোখে পড়ার মতো। তাঁর স্ত্রীকে নিয়ে প্রায়শই বিদেশে যেতে দেখা গিয়েছে, একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে। বছর কয়েক আগে কলকাতা পুরসভায় ফেরারি গাড়ি এনেছিলেন। যার মূল্য সে সময়ে ৫ কোটি টাকার কাছাকাছি ছিল। এছাড়াও বাড়ির গ্যারেজে রয়েছে দেশ-বিদেশের কয়েকশো কোটি টাকার গাড়ি। পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গেও ছবি থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘মেকআপ ছাড়া ওনার ফেস ভ্যালুটা একবার দেখান না’ রচনাকে বিঁধে লকেটের প্রশংসা অসিতের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামসের বিরুদ্ধে ২০২৩ সালে পুলিশের কাছে মহম্মদ শাদাব নামের এক ব্যক্তি একটি তোলাবাজি মামলা দায়ের করেছিল। কিন্তু সেই মামলায় কোনরকম তদন্ত হয়নি। এবার সরকার পরিবর্তন হতেই সেই তোলাবাজির মামলায় তদন্তের উপর ভিত্তি করেই গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে শুধু তোলাবাজির মামলাই নয়। জানা গিয়েছে, শামস ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে। সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।










