সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়া হবে এ কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। তবে কারা কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, তা গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিলেন তিনি। এমনকি পরিবারের মাসিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনা মিলবে না সেই সম্পর্কে স্পষ্ট তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি এও জানানো হয়েছে, আবেদন যাচাই-বাছাইয়ের কাজ আপাতত শেষ পর্যায়ে। ১৭ তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হবে।
কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা?
এই প্রকল্প চালু করার সময় প্রথমেই জানানো হয়েছিল, মহিলার বয়স হতে হবে ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা যাবে না বা পেনশন পেলে চলবে না। এমনকি আয়কর প্রদান করলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার। তবে ৬০ বছর বয়স হলে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত হবে নাম। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যিনি সরাসরি মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন তাঁকে বিবেচনা করা হবে না। যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এটা আগেই বলা আছে।”
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, “কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোনও বিধিবদ্ধ সংস্থা যদি সরকারের এক্তিয়ারভুক্ত, পৌরসভা কিংবা কোনও সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা কর্মী, স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত থাকেন বা পেনশন পান…..যদিও পেনশন এই তালিকায় আসবে না, কারণ যারা ৬০ ঊর্ধ্ব তারাই পেনশন পান… এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন….অর্থাৎ যার বাৎসরিক ১২ লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে না।”
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার নতুন মাপকাঠি, ৩০০০ টাকা পেতে জেনে নিন
মাসের কোন দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
পাশাপাশি নিজের আয় সম্পর্কিত ধারণা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যে সমস্ত মহিলা নিজে মাসিক ১০ হাজার টাকা ইনকাম করেন, তাকেও এর বিবেচনার আওতায় প্রাথমিকভাবে আনা হয়নি। তবে সেক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কনট্রাকচুয়াল, অর্থাৎ বাড়ির পুরুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। তবে নিজে সরাসরি যদি ১০ হাজার টাকার বেশি ইনকাম করা হয়, তাহলে তাঁকে বিবেচনা করা হবে না।” মুখ্যমন্ত্রী আরও জানান, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করা হবে। জেলা ধরে ধরে মহিলাদের টাকা দেওয়া হবে। প্রতি মাসে দুই তিনদিন ধরে টাকা পাঠানো হবে। আগস্ট মাসের ১৭ তারিখের পর সব যোগ্য মহিলারা টাকা পাবেন।
অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী স্পষ্ট এবার কারা অন্নপূর্ণা যোজনার আওতায় ৩০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। পরিষ্কারভাবে বলতে গেলে—
- সংশ্লিষ্ট মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে।
- সেই মহিলা নিজে ১০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করলে চলবে না।
- পরিবার যদি আয়কর প্রদান করে, অর্থাৎ বছরে ১২ লক্ষ টাকার বেশি ইনকাম হয়, তাহলে সেই মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে না।
- সংশ্লিষ্ট মহিলাকে কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা যাবে না।
- তবে মুখ্যমন্ত্রী না উল্লেখ করলেও বলা রাখা প্রয়োজন, সংশ্লিষ্ট মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে চলবে না।










