সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে বাংলায় (West Bengal Election 2026)। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তবে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিতে মেটার পর দ্বিতীয় দফার মহারণের আগে এবার বিরাট চমক দিয়েছে কমিশন। হ্যাঁ, দক্ষিণবঙ্গের ভোট সামাল দিতে যে ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে, তাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন উত্তর প্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। আর কড়া মেজাজের এই অফিসার মূলত যোগীরাজ্যের ‘সিংঘম’ নামেই পরিচিত।
কে এই অজয় পাল শর্মা এবং কেন তাঁকে নিয়ে এত চর্চা?
আমরা যদি একটু ২০১১ সালের ব্যাচ দেখি তাহলে দেখতে পাবো—আইপিএস অফিসার অজয় পাল শর্মা আদলে পাঞ্জাবের লুধীয়ানার বাসিন্দা। পেশায় দন্ত চিকিৎসক অজয় পাল পুলিশ সার্ভিসে যোগ দেওয়ার পর থেকে নিজের কাজের ধরনে একেবারে চমক দেন। নয়ডা থেকে শুরু করে রামপুর বা জৌনপুর, যেখানেই তিনি কাজ করেছেন অপরাধ দমনে তাঁর ভূমিকা ছিল একেবারে জুড়িমেলা ভার। এদিকে উত্তরপ্রদেশের মাফিয়া দমনে অসংখ্য এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর বর্তমানে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার ও চলতি বছরে আইজি পদে উত্তীর্ণ হয়েছেন। দুষ্কৃতীদের কাছে ত্রাস হিসেবে পরিচিত এই অফিসার।
তবে তৃণমূলের ঘর হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে এই অজয় পাল শর্মাকে। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই জেলায় অতীতে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে। তাই এবার কোনও আপস করতে চাইছে না কমিশন। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি এই জেলায় বড়সড় গোলমালের আশঙ্কা করছে এবার কমিশন? সেই কারণে কি উত্তরপ্রদেশের এরকম কড়া অফিসারকে এখানে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হল? নেই উত্তর।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর সব গোপন কথা জানেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ার! ফাঁস করবেন?
তবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। শাসকদলের মতে, ভোট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সেখানে কি এনকাউন্টার স্পেশালিস্ট কোনও অফিসার পাঠানোর আদৌ প্রয়োজন আছে? এভাবে ভয় দেখানোর চেষ্টা! অন্যদিকে বিরোধী শিবিরের মতে, মাফিয়া ও সমাজবিরোধীদের হাত থেকে সাধারণ ভোটারদেরকে রক্ষা করার জন্য এরকম যোগ্য অফিসারই প্রয়োজন।










