পুজোর মুখে চাকরি নিয়ে অনিশ্চয়তা, করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শিক্ষকদের

Published:

Computer Teachers Protest

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগে ফের নিয়োগের দাবি নিয়ে রাজপথে নামল চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা (Computer Teachers Protest)। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ সোমবার করুণাময়ীতে (Karunamoyee) বিকাশভবনমুখী হতেই পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারী শিক্ষকরা। শুরু হয় ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ (Protest) দেখাতে থাকেন আইসিটি ঐক্যমঞ্চের আন্দোলনকারীরা। যান চলাচল স্তব্ধ করুণাময়ী চত্বরে। বিক্ষোভ সামাল দিয়ে রীতিমত কালঘাম ছুটছে পুলিশের।

চাকরি নিয়ে অনিশ্চয়তা আইসিটি শিক্ষকদের

উল্লেখ্য, সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য আইসিটি অ্যাট স্কুল প্রোজেক্টের মাধ্যমে পূর্বতন সরকার, পঞ্চম ফেজ পর্যন্ত ৫,৫৭৯ জন শিক্ষককে সরাসরি সরকারের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে নিয়োগ করেছিল। কিন্তু পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম ধাপের শিক্ষকরা রয়ে গিয়েছেন এজেন্সির অধীনে। এদিকে পাঁচ বছরের এই প্রজেক্টের প্রাথমিক মেয়াদ চলতি বছর আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। কিন্তু সরকার আর এঁদের নিয়োগকারী এজেন্সির চুক্তি নবীকরণ করছে না। আর তারপরেই শুরু হয় অশান্তি। স্বাভাবিকভাবেই পুজোর আগে চাকরি চলে যাওয়ার ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে আইসিটি শিক্ষকদের।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার, হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি শিক্ষকেরা। তাঁরা মূলত বিকাশভবনের উদ্দেশে আন্দোলনের ডাক দিয়েছিল কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের আগেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ। শুরুতে এটি শান্তিপূর্ণ মিছিল হলেও পরে শুরু হয় অশান্তি। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তাঁদেরকে টেনে তোলার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। আন্দোলনকারী নাসিরুদ্দিন লস্কর বলেন, ‘বাঁচার দাবিতে এসেছি। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের। কিন্তু চাকরি চলে গেল আমাদের।’

আরও পড়ুন: SIR বিতর্কে নতুন মোড়, স্থগিতের আর্জি জানিয়ে CJI-কে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধান-সহ ২০০০ জনের

কী বলছেন বিক্ষোভকারীরা?

বিক্ষোভকারী আইসিটি শিক্ষকদের অভিযোগ, আইসিটি ফেজ ১-৫ পর্যন্ত সকলে ইতিমধ্যেই সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু পাঁচ বছর ধরে কাজ করার পরেও ষষ্ঠ এবং সপ্তম ফেজ়ের শিক্ষকেরা ওয়েবেল স্কুল নেট কিংবা এক্সট্রা মার্ক-এর মতো এজেন্সির অধীনে থেকে কাজ করছেন। তাই দাবি করা হচ্ছে যে, আগের ফেজের মতো সরকারিকরণ চাই।” এক আন্দোলনকারীর দাবি, “আগের এক থেকে পঞ্চম ফেজ অনুযায়ী শিক্ষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়। কিন্তু আমরা সেখানে সেই একই কাজ করে পাই ৬৮০০ থেকে ৭০০০ টাকা। তাই আমাদের দাবি আগের পর্যায়ের মতো সরকারিকরণ করতে হবে।”

সংগঠনের সদস্য দক্ষিণ ২৪ পরগনার শিক্ষিকা পাপিয়া দাস বলেন, ‘আমরা এজেন্সির অধীনে রয়েছি। আগের ফেজগুলির মতোই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা। তাই আমাদেরও যেন সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নেওয়া হয়। ৩৭১৯ জনের পরিবার রয়েছে। পুজোর আগে ছাঁটাইয়ের চিঠি চলে এসেছে।’ এখন দেখার পুজোর আগে কয়েক হাজার ICT শিক্ষকের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কোন দিকে মোড় নেয়।

google button