SIR বিতর্কে নতুন মোড়, স্থগিতের আর্জি জানিয়ে CJI-কে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধান-সহ ২০০০ জনের

Published:

SIR

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন, কিন্তু এদিকে ভোটার তালিকায় SIR সংক্রান্ত বিতর্কের ঝড় যেন থামতেই চাইছে না। এমতাবস্থায় চিঠির মাধ্যমে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানাল হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। জানা গিয়েছে, সেই চিঠিতে নাকি সই করেছেন দেশের প্রাক্তন নৌসেনা প্রধান-সহ ২০০০ জন। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সুপ্রিম কোর্ট যাতে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নেয় সেই আর্জিও জানানো হয়েছে।

প্রধান বিচারপতিকে চিঠি ২০০০ জনের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রকে SIR সংক্রান্ত যে চিঠিটি পাঠানো হয়েছে সেখানে ২০০০ জন সই করেছেন। তালিকায় রয়েছেন শিক্ষাবিদ থেকে শুরু করে আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, প্রাক্তন আমলা ও সেনা আধিকারিকরাও। যার মধ্যে উল্লেখযোগ্য হলেন, নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল বিষ্ণু ভাগবত, প্রাক্তন IAS অদিতি মেহতা, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, ঐতিহাসিক আদিত্য মুখোপাধ্যায় এবং অভিনেতা প্রকাশ রাজরা। চিঠিতে বলা হয়েছে, “SIR-এর বৈধতা ও প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত এটি স্থগিত করা হোক।”

চিঠিতে কী জানানো হয়েছে?

২০০০ জনের সই করা সেই চিঠিতে মূলত ৪টি বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রথমত, অবিলম্বে SIR প্রক্রিয়া স্থগিত করতে হবে। দ্বিতীয়ত, ভোটার নিবন্ধন সফটওয়্যার ও ফর্মে বেআইনিভাবে কোনও পরিবর্তন হয়েছে কিনা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করতে হবে। তৃতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে এবং চতুর্থত সুপ্রিম কোর্ট নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ECI-NET নামের ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা খতিয়ে দেখতে হবে।”

আরও পড়ুন: হিন্দমোটরে ফিরছে গাড়ি কারখানা! হুগলিতে কর্মসংস্থানের আশায় উচ্ছ্বসিত শ্রমিকরা

গত শনিবার কমিশনের তরফে বিবৃতি জারি করা হয়েছিল যে, SIR নিয়ে কমিশনের অভ্যন্তরে কোনও মতপার্থক্য ছিল না। এই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে ২০২৫ সালের ২৪ জুন SIR নির্দেশ জারি হয়েছিল। কমিশনের সর্বসম্মতিতেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু তারপরেও সেই বিতর্ক থামছে না। এখন দেখার সেই চিঠির উত্তরে কী পদক্ষেপ গ্রহণ করে সুপ্রিম কোর্ট।

google button