হিন্দমোটরে ফিরছে গাড়ি কারখানা! হুগলিতে কর্মসংস্থানের আশায় উচ্ছ্বসিত শ্রমিকরা

Published:

Electric Vehicle Factory At Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: বদলের বাংলায় রাজ্যের শিল্পক্ষেত্রে আসতে চলেছে বড় চমক। দীর্ঘদিনের বন্ধ কারখানা, শ্রমিকদের কর্মহীনতা আর এলাকার ব্যবসা-বাণিজ্যে মন্দার পর নতুন করে হুগলির উত্তরপাড়ার হিন্দমোটরে (Electric Vehicle Factory At Hooghly) শিল্পের সম্ভাবনা দেখা গিয়েছে। জানা গিয়েছে, সেখানকার পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক ভেহিকেল কারখানা তৈরি করার পরিকল্পনা করছে হিন্দুস্তান মোটরস (Hindustan Motors)। আর সেই খবর প্রকাশ্যে আসতেই নয়া কর্মসংস্থান নিয়ে আশায় বুক বাঁধছে স্থানীয়রা।

বিদেশেও ছিল হিন্দমোটর গাড়ির চাহিদা

তৃণমূল সরকারকে হারিয়ে বাংলার মসনদে এখন বিজেপির সরকার। আর ক্ষমতা দখল করতেই গত কয়েক মাসে একাধিক সংস্থায় বিনিয়োগ করেছে বাংলা। আর সেই শিল্পে পুনরায় আশা জাগাচ্ছে হিন্দুস্তান মোটরসও। উল্লেখ্য, উত্তরপাড়ায় প্রায় ৭০০ একর জমিতে দেশের প্রথম গাড়ি কারখানা তৈরি করেছিল হিন্দুস্তান মোটরস। কয়েক হাজার শ্রমিক কাজ করতেন সেখানে এবং বাংলার মাটিতে তৈরি অ্যাম্বাসাডর কিছুদিনের মধ্যে গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি বিদেশেও ছিল এই গাড়ির বিপুল চাহিদা। কিন্তু আচমকাই প্রতিযোগিতার বাজারে অ্যাম্বাসাডারের উৎপাদন বন্ধ করে দিয়েছিল সংস্থা। কর্মহীন হয়ে পড়েছিল বহু শ্রমিক।

ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার প্রস্তাব

কারখানা খোলা নিয়ে একের পর এক প্রতিশ্রুতি পাওয়া গেলেও কালের নিয়মে অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা কারখানা চত্বর। যদিও বর্তমানে লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হিন্দ মোটরের ওই জমি এখন রাজ্যের অধীনে। প্রায় ৩০০ একর জমি আবাসন প্রকল্পের জন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে। আরও ৪০ একর জমি দেওয়া হয়েছে টিটাগর ওয়াগন কারখানাকে। তাই এবার শোনা যাচ্ছে বাকি জমিতে এবার বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে হিন্দুস্তান মোটরস। আর খবরটি সামনে আসতেই উচ্ছ্বসিত স্থানীয়রা।

আরও পড়ুন: পুর নিয়োগের পর এবার ‘মূর্তি দুর্নীতি’! কোটি টাকার অনিয়ম? ED-র নজরে ২ পুরসভা

স্থানীয় এক বাসিন্দা পঙ্কজ রায় বলেন, এটা খুবই খুশির খবর। বিড়লা ফের বিনিয়োগ করলে আগামিদিনে টাটা-সহ একাধিক সংস্থা আসবে। খুব প্রয়োজন ছিল। কিছুটা আক্ষেপের সুরেই পঙ্কজবাবু বলেন, “আমার বাবা এই সংস্থায় কাজ করতেন। হঠাৎ একদিন সব বন্ধ হয়ে গেল। রাতারাতি সমস্ত কিছু বদলাতে দেখেছি। যদি বিড়লা নতুন করে কারখানা খোলে এলাকার উন্নতি হবে। নতুন করে কর্মসংস্থানে জোয়ার আসবে।” এখন দেখার এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, বিনিয়োগের পরিমাণ কত হয় এবং কর্মসংস্থানে কতটা পরিবর্তন আসে।

আরও Hooghly Uttarpara
google button