পুর নিয়োগের পর এবার ‘মূর্তি দুর্নীতি’! কোটি টাকার অনিয়ম? ED-র নজরে ২ পুরসভা

Published:

Statue Scam In Kamarhati

প্রীতি পোদ্দার, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এবার কোটি টাকার ‘মূর্তি দুর্নীতি’-র (Statue Scam In Kamarhati) অভিযোগ উঠল কামারহাটি (Kamarhati Municipality) ও বরাহনগর পুরসভা এলাকায় (Baranagar Municipality)। জানা গিয়েছে, এলাকায় বিভিন্ন মনীষীর মূর্তি তৈরি ও বসানোর ক্ষেত্রে নাকি আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠে এসেছে, আর তাই এই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই ফের শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

মূর্তি দুর্নীতির অভিযোগ

সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার দরুন এখনও জেলে আটকে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এদিকে এই শোরগোলের মাঝেই কামারহাটি ও বরাহনগর পুরসভা এলাকায় বিভিন্ন মনীষীর মূর্তি তৈরি ও বসানোর ক্ষেত্রে নাকি রয়েছে আর্থিক (Municipality Statue Scam) অসঙ্গতি। অভিযোগ, বাস্তবে ওই মূর্তিগুলির অধিকাংশই ফাইবার ও প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি হলেও সরকারি নথিতে সেগুলিকে দামি পাথরের মূর্তি হিসেবে দেখানো হয়েছে। ED-র দাবি, ফাইবার ও প্লাস্টার অব প্যারিসের আবক্ষ মূর্তির খরচ যেখানে ২০ থেকে ২২ হাজার টাকা, সেখানে দামি পাথরের মূর্তির খরচ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা! আর সেই দামই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দেওয়া হয়েছে।

রাজ্যের বাকি পুরসভাও এবার ED-র নজরে

তদন্ত সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার অধীনে ৩৫টি ওয়ার্ড এবং বরাহনগর পুরসভার অধীনে ৩৩টি ওয়ার্ড রয়েছে। অনুমান করা হচ্ছে দুই পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দেড়শোরও বেশি মূর্তি স্থাপন করা হয়েছে, যেগুলির অধিকাংশই প্লাস্টার অব প্যারিস ও ফাইবারের তৈরি। আর এই দুর্নীতির পিছনে কামারহাটি ও বরাহনগর পুরসভার পুরপ্রতিনিধিদের একাংশের সঙ্গে ঠিকাদারদের যোগসাজশ রয়েছে। যদিও সেই নিয়ে এখনো কোনো যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। তবে এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বাকি পুরসভা এবং কলকাতা পুরসভা এলাকায় একই দুর্নীতি হয়েছে কিনা, সেই খোঁজও করা হবে।

আরও পড়ুন: রিপোর্টের জন্য হাসপাতালে ছোটা বন্ধ, SMS-এই মিলবে ফল, বিরাট আপডেট স্বাস্থ্য দফতরের

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, শিল্প ইত্যাদি নানা ক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বারংবার। এমনকি সরকারি প্রকল্পগুলিতেও নানা আর্থিক তছরুপের অভিযোগ উঠে এসেছে। আর এবার মূর্তি স্থাপনের ক্ষেত্রেও উঠছে সেই একই অভিযোগ। ED-র প্রাথমিক অনুমান এই মূর্তি স্থাপনের ক্ষেত্রে মোটা অঙ্কের কাটমানির খেলা হয়েছে। তবে সবটাই এখন তদন্তের আওতায় আনা হচ্ছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই দুর্নীতির জট খুলবে।

google button