অনন্যা সরকার, কলকাতা: বাংলায় নতুন সরকার গঠনের মাত্র এক মাস হয়েছে, কিন্তু এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রীসভা থেকে একের পর এক কর্মসূচি ও প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এবার রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কৃষি ক্ষেত্রে দুটি নতুন পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে সরকার। পূর্তমন্ত্রী অজয় পোদ্দার (Ajay Poddar) জানিয়েছেন যে, পূর্ত দপ্তর একটি মেগা হাইওয়ে প্ল্যানের প্রস্তাব গ্রহণ করেছে, যার অধীনে রাজ্যের উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি হাইওয়ে (Darjeeling-Gangasagar Highway) তৈরি হবে। অন্যদিকে, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal) পূর্বতন সরকারের ‘কৃষক বন্ধু’ ও ‘শস্য বীমা’ প্রকল্পগুলিকে ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি’ এবং ‘ফসল বীমা যোজনায়’ রূপান্তর করার ঘোষণা করেছেন।
দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত মেগা হাইওয়ে
রাজ্যের বর্তমান পূর্তমন্ত্রী অজয় পোদ্দার পরিকাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্য একগুচ্ছ নতুন পরিকল্পনা পেশ করেছেন। তিনি ঘোষণা করেছেন যে, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটি ৭৭০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণ করবে পূর্ত দপ্তর। এই রাস্তার কিছুটা অংশ যাবে বিহারের মধ্যে দিয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও (NHAI) ও রাজ্য সরকার যৌথভাবে পরিকল্পনাটিকে বাস্তবায়িত করবেন।
আরও পড়ুনঃ বাবার অকাল মৃত্যু, মায়ের ক্যান্সার, মনোবল না হারিয়ে UPSC ক্র্যাক করে IAS অনিমেষ
এর পাশাপাশি মন্ত্রী আগামী সাত মাসের মধ্যেই এই রাজ্যের রাস্তাগুলোর ভোল পাল্টে ফেলবেন বলে দাবি করেছেন। তিনি জানান বর্ষার কারণে ১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পিচ রাস্তার কাজ করতে সমস্যা হয়। তবে অক্টোবর মাস থেকে পশ্চিমবঙ্গে ৯০ টি নতুন রাস্তা তৈরি করা হবে। যেহেতু রাজ্যে এখন ডবল ইঞ্জিনের সরকার তাই ফান্ডের কোনও অভাব হবে না বলেই তার দাবি।
গুরুত্বপূর্ণ গঙ্গাসাগর সেতু
উল্লেখ্য, দার্জিলিং থেকে গঙ্গাসাগরকে সড়কপথে যুক্ত করতে হলে সবার আগে গঙ্গাসাগর ব্রিজ তৈরি করতে হবে। আর এই ব্রিজ তৈরি করার জন্য ছাড়পত্র নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যেহেতু ব্রিজটি জাতীয় জলসীমার উপরে তৈরি হবে, তাই কেন্দ্রের অনুমতি ছাড়া এটি করা সম্ভব নয়। পূর্বতন সরকার এই ব্রিজের শিলান্যাস করলেও কেন্দ্রের থেকে কোনও অনুমতি নিয়েছিল না। তবে নতুন সরকার অনুমতি নিয়ে গঙ্গাসাগর ব্রিজ তৈরির কাজে লেগেছে।










