বিক্রম ব্যানার্জী, কলকাতা: যানজটের চিন্তা শেষ। এবার আকাশপথেই কালিম্পং থেকে দার্জিলিং (Darjeeling) পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। মূলত, পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখে এক শৈল শহর থেকে আরেক শৈল শহরে যাওয়ার জন্য 22 কিলোমিটার বিস্তৃত রোপওয়ে ( North Bengal Ropeway)তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্নে আয়োজিত পর্যটন সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির উন্নতির স্বার্থে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই নাকি ঠিক হয়েছে কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির বিষয়টিও।
কালিম্পং থেকে সহজেই পৌঁছে যাবেন দার্জিলিং
মঙ্গলবার, নবান্নে আয়োজিত পর্যটন সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল থেকে শুরু করে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, এদিন রাজ্যের পর্যটন ক্ষেত্র নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত 22 কিলোমিটার বিস্তৃত রোপওয়ে তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ওই বৈঠকে উপস্থিত কয়েকজন আধিকারিক জানিয়েছেন, “কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে খুব সহজেই আরামে পর্যটকরা এক শৈল শহর থেকে অন্য শৈল শহরে পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি এই রোপওয়ে হবে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা।” আশা করা যাচ্ছে, এই বিশেষ রোপওয়ে তৈরি হয়ে গেলে সড়কপথে যানজট এড়িয়ে খুব সহজেই একেবারে অল্প সময়ে কালিম্পং থেকে দার্জিলিং আবার দার্জিলিং থেকে কালিম্পং এ পৌঁছে যাবেন পর্যটকরা।
আরও পড়ুন: বই ফেরত না দেওয়ায় মমতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন গ্রন্থাগার মন্ত্রী
উল্লেখ্য, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরেই শহর কলকাতায় এসে বিশ্ব যোগদিবস পালন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পর পরই এবার উত্তরবঙ্গে উন্নতমানের যোগকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একসাথে এক হাজার মানুষ যোগ ব্যায়াম করতে পারবেন।










