সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল প্রথম দফার ভোট বাংলায়। আর ২৯ তারিখ দ্বিতীয় দফা। নির্বাচনের মেজাজে তুঙ্গে রাজ্য। আর এই রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের (Higher Secondary Result) দিনক্ষণ ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১৪ মে এ বছর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।
কখন এবং কীভাবে জানা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
সংসদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেই আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। আর সকালে ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাবে। এমনকি সংসদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত পোর্টাল ও সংবাদমাধ্যমের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে তা পরবর্তী একটি বিজ্ঞপ্তিতে লিস্ট দিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল ব্যতিক্রমী। কারণ, এ বছর সব মিলিয়ে ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। আর এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। চতুর্থ সেমিস্টারের পাশাপাশি তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল। আর সেমিস্টার পদ্ধতির পাশাপাশি যারা পুরনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল ওইদিন প্রকাশিত হবে। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল এবার।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নয়, এবার অ্যালকোহলে চলবে গাড়ি? বড় পরিকল্পনা কেন্দ্রের
এদিকে আগামী ৪ মে বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ঠিক তার ৪ দিন পর অর্থাৎ ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। আর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আরও ৬ দিনের মাথায় অর্থাৎ ১৪ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা। সব মিলিয়ে মে মাসের প্রথমার্ধে ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এ নিয়ে উত্তেজনা তুঙ্গে তাদের মধ্যে।










