সম্পত্তি নিজের নামে লিখিয়ে বাবাকে মারধর মেয়ের, হাবড়ায় আটক মহিলা

Published:

Habra

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে বাবার ওপর অকথ্য অত্যাচার মেয়ের! মাটিতে ফেলে রীতিমত বৃদ্ধ বাবাকে লাথি, চড়, কিল, খুসি মারা হয়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) এলাকার। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ওঠে আসে একের পর এক অমানবিক তথ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও (Habra Father Assault Video) ছড়িয়েছে। আটক করা হয় মহিলাকে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে, হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকায়। অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন মেয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ সেখানে বাবাকে দিয়ে মেয়ে নিজের নামে সব সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর দিনের পর দিন বৃদ্ধ বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। কয়দিন আগে এক প্রতিবেশী লুকিয়ে সেই মারধরের ভিডিও রেকর্ড করেছিলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।

আটক করা হয় মহিলাকে

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়ে উঠোনে মাথার চুল ধরে টেনে হিঁচড়ে মার দিচ্ছেন ওই মহিলা। এমনকি পিঠে , মাথায় কখনও ঘুষি মারছেন, তো কখনও আবার লাথিও মারছেন। মেয়ের এই অত্যাচারে রীতিমত ওই প্রৌঢ় মাটিতে পড়ে কাতরাচ্ছেন, কিন্তু তাতেও থামছে না মেয়ে, তাঁর উপর আরও চড়াও হচ্ছেন। হাতজোড় করে ক্ষমা চাইলেও কোনো লাভ হয়নি বৃদ্ধর। আর সেই অমানবিক ঘটনা দেখে রীতিমত শিউরে উঠেছে নেটিজেনরা। ওই মহিলার চরম শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। এরপরই সেই ভিডিয়ো পুলিশের নজরে আসতেই আটক করা হয় ওই মেয়েকে।

আরও পড়ুন: ৭১ বছরেই নিভল জীবনদীপ, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কন্যার নাম তন্দ্রিমা দে। ভাইরাল ভিডিওর সুত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সন্তানের এমন শাস্তি চোখে দেখতে পাননি বাবা। তাই পুলিশের কাছে বাবা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এই তাতেই ওই মহিলা ছাড়া পান। তবে শর্ত হিসেবে মুচলেকায় সই করে ওই মহিলা জানিয়েছেন, আর কখনও এমন কাণ্ড করবেন না। এমনকি অদূর ভবিষ্যতে বাবার সঙ্গে তিনি কেমন ব্যবহার করেন, সেটাও নজরে রাখা হবে পুলিশ সাফ হুঁশিয়ারি দিয়েছেন।