৭১ বছরেই নিভল জীবনদীপ, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

Published:

Mithu Mukherjee Passed Away

প্রীতি পোদ্দার, কলকাতা: বিনোদন জগতে চরম দুঃসংবাদ, ৭১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukherjee Passed Away)। জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত (Mithu Mukherjee Cancer) ছিলেন মিঠু দেবী। অনেকদিন ধরেই নাকি ভুগছিলেন, চলছিল চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত অন্তরালেই চলে গেলেন বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী। শোকস্তব্ধ টলিউড এবং বলিউড।

ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মুম্বইয়ে বসবাস করছিলেন তিনি। দক্ষিণ কলকাতায় থাকা নিজের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন বহু বছর আগেই। তাঁর জীবনের শেষ অধ্যায়টিও কেটেছিল লোকচক্ষুর আড়ালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে নাকি মুম্বইয়েই চলছিল তাঁর ক্যান্সারের চিকিৎসা। কিন্তু চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষ পর্যন্ত আর ফেরানো গেল না তাঁকে।

সাতের দশকে একাধিক হিট সিনেমা করেছিলেন

সাতের দশকের বাংলা সিনেমায় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল একেবারে অন্যরকম। সুচিত্রা সেনের পর তিনিই একমাত্র অভিনেত্রী যিনি এতটা জনপ্রিয়তা পাওয়ার পরেও স্বেচ্ছায় নিজেকে জনসমক্ষ থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে গিয়েছিলেন। ‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, কিংবা ‘বেশ করেছি প্রেম করেছি’ ইত্যাদি একাধিক সিনেমা সাতের দশকের বেশ হিট করেছিল। বরাবরই মিঠু মুখোপাধ্যায় নিজেকে উজাড় করে তুলে ধরেছিলেন ক্যামেরার সামনে। কখনও তিনি কোনও নির্দিষ্ট ছকে আটকে রাখেননি নিজেকে। তাই আজও তাঁর অভিনয় আজ সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

আরও পড়ুন: ৫ মাস ধরে মেলেনি বেতন, জ্বরে মৃত্যু হল নির্মলসাথীর, বিতর্ক হুগলির চুঁচুড়ায়

শুধু বাংলা সিনেমা নয়, পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। দুলাল গুহর পরিচালিত ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি ছবির জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্র বারোটের সফল চলচ্চিত্র ‘আশ্রিতা’-র মাধ্যমে তিনি শেষবারের মতো পর্দায় ফিরে আসেন। বহু বছর অন্তরালেই ছিলেন মিঠু মুখার্জি। তাই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত থেকে শুরু করে তাঁর অনুরাগী মহল।