ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা! দিঘায় উত্তাল সমুদ্র, পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করল প্রশাসন

Published:

Digha Cyclone Arnab

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)-এর কারণে দিঘা উপকূলের অদূরে সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। তাই ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করতে শুরু করেছে, মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আগামীকাল, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত এই উত্তাল পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবার দমকা হাওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস থাকায় পুলিশের তরফে পর্যটকদের সমুদ্রের বেশি গভীরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং চলছে। 

দিঘায় সতর্কবার্তা জারি 

প্রাথমিকভাবে আবহাওয়া দফতর জানিয়েছিল যে, রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিপথ থমকে গেছে। তাই সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম থাকলেও, নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া, বৃষ্টিপাত এবং সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে তাই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করছে।

আবহাওয়া দপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে যে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শঙ্করপুর, দিঘা, পেটুয়াঘাট ও জুনপুটের মতো উপকূলীয় এলাকাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও দমকা বাতাস বইতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের (IMD) তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি, যা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। 

আরও পড়ুন: নিম্নচাপের জেরে হাই অ্যালার্ট জারি! ৬ জেলায় বন্ধ স্কুল, ছুটি বাতিল সরকারি কর্মকর্তাদের

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। তাই উপকূলীয় অঞ্চলগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতির ফলে, বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

জানিয়ে রাখি, বর্তমানে দিঘা-শঙ্করপুর উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রের কাছাকাছি থাকার সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণির সমুদ্র সৈকতে আসা পর্যটকদের আবহাওয়া সংক্রান্ত প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীরা যাতে এসময় সমুদ্রে না যান এবং সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলো ফিরিয়ে আনা হয়, তার জন্যেও প্রচার চালাচ্ছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট নিরঞ্জন কুমার বলেছেন যে, কোনও দুর্যোগ ঘটলে তার মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।