অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে লাগছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, কোথায় পাবেন?

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: অফলাইনে ইতিমধ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আবেদন। যদিও ১ জুন থেকে অনলাইনে শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে আবেদন শুরু হয়নি। তবে আবেদনের ক্ষেত্রে ফর্মে নিজের তথ্য থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবকিছু চাওয়া হচ্ছে। কিন্তু এরই মধ্যে রেশনের পারিবারিক আইডি (Digital Ration Card Family ID) চাওয়া হয়েছে। কী সেটি এবং কোথা থেকে পাবেন? সেটাই জানাবো এই প্রতিবেদনে।

অন্নপূর্ণা ভাণ্ডারে রেশনের পারিবারিক আইডি

উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে ১৩ পাতার ফর্ম প্রকাশ করা হয়েছে, সেখানে প্রথমেই প্রথম পাতাতেই চাওয়া হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। কিন্তু এটা কোথা থেকে পাবেন? অনেকেই বুঝতে পারছেন না যে এই আইডি কীভাবে পাওয়া যায়? এমনকি ভুলবশত অনেকেই পরিবারের প্রধানের রেশন কার্ডের নম্বর বসিয়ে দিচ্ছেন। কিন্তু না, এটি করলে হবে না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করার সময় রেশন কার্ডের ফ্যামিলি আইডি বা পরিবারের আইডি আসলে ডিজিটাল রেশন কার্ডের একটি ৮ বা ১০ ডিজিটের গ্রুপ নম্বর। এটি পরিবারের রেশন কার্ডের পরিচিতি দেয়।

আরও পড়ুন: এক ব্লকের ১৭৩ পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় কেচ্ছা নদীয়ায়

কীভাবে মিলবে এই পারিবারিক আইডি?

রেশন কার্ডের পারিবারিক আইডি আপনি সরাসরি অনলাইনের মাধ্যমেই পেতে পারেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করতে হবে—

  • প্রথমে খাদ্য এবং সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ ভিজিট করতে হবে।
  • এরপর পেজের শেষ দিকে চলে গিয়ে ‘Special Services’ অপশন লেখা থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর সেখানে VERIFY RATION CARD অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন একটি পেজ খুলবে। সেখানে সার্চ অপশনে রেশন কার্ড সিলেক্ট করতে হবে।
  • এরপর নিজের রেশন কার্ডের নম্বর বসাতে হবে এবং ক্যাপচা ইনপুট করতে হবে।
  • তারপর টিক বক্সে ক্লিক করলে আপনার সামনে একটি লিস্ট চলে আসবে।
  • সেখানে রেশন কার্ডের ক্যাটাগরি এবং নামের সঙ্গে নীচে “ONORC FAMILY ID” নম্বর দেখা যাবে।
  • এই ONORC FAMILY ID নম্বরটি হল আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটিই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্মে বসাতে হবে।