ঘুচবে বেহাল দশা, বনগাঁ-বাগদা রোড হবে চার লেনের জাতীয় সড়ক

Published:

Bongaon Bagdah Road

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা বনগাঁ-বাগদা রাজ্য সড়কের (Bongaon Bagdah Road)। নিত্যযাত্রীরা বারংবার অভাব-অভিযোগ অভিযোগের কথা জানিয়ে এসেছেন প্রশাসনকে। তবে পূর্বতন সরকারের আমলে এবিষয়ে বিশেষ কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে এলাকাবাসীদের মনে ক্ষোভ ছিল। তবে এখন এই রাস্তাটি দ্রুত মেরামত করে ব্যবহারের উপযুক্ত করে তুলতে চলেছে বর্তমান সরকার। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বনগাঁর প্রশাসনিক সভা থেকে এমনটাই ঘোষণা করেছেন। শীঘ্রই এই রাস্তাটিকে ফোর লেন জাতীয় সড়কের (Four Lane National Highway) স্বীকৃতি দেওয়া হবে বলে জানান তিনি।

চার-লেন জাতীয় সড়ক হবে বনগাঁ বাগদা সড়ক 

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া শুক্রবার বনগাঁয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং ওই এলাকার সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিষয়ে কয়েকটি বড় ঘোষণা করেন। তার মধ্যে একটি হল বনগাঁ বাগদা রোডকে চার লেনের জাতীয় সড়কে উন্নীত করার ঘোষণা। দীর্ঘদিন ধরেই এই রাস্তায় যাত্রী দুর্ভোগের কথা শুনতে পাওয়া যায়। রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না বলে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তাই বনগাঁয় একটি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর কাছে বাগদা রোডের এই বেহাল দশা সম্পর্কে জানতে  চাওয়া হয়। 

এর উত্তরে মন্ত্রী জানান যে, বনগাঁ-বাগদা রোড শীঘ্রই চার লেনের জাতীয় সড়ক হবে। কিছুদিনের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) বাগদা রোডের দায়িত্ব গ্রহণ করতে চলেছে। এরপর চার লেনের রাস্তাটির কাজ শুরু হবে। মন্ত্রী বনগাঁ ব্লকের গোপালনগর ২ পঞ্চায়েতে একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রেরও উদ্বোধন করেন। 

আরও পড়ুন: পাঁচ বছরেই ভেঙে পড়ল মমতার আমলে তৈরি সেতু, এখন কলার ভেলাই ভরসা গ্রামবাসীদের

এর পাশাপাশি অশোক কীর্তনিয়া রাজনৈতিক নেতাদেরও কড়া বার্তা দেন। শুক্রবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে পেট্রাপোল সীমান্তের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে, কোনও রাজনৈতিক নেতা ব্যবসায়ীদের কাছে অনৈতিক দাবি করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান যে, পেট্রাপোল ল্যান্ডপোর্ট এলাকার ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো ব্যবসা করতে পারবেন। যদি কোনও রাজনৈতিক নেতা তাদের কাছে অনৈতিক দাবি করেন, তাহলে, তারা যেন লিখিতভাবে মন্ত্রীকে অভিযোগ জানান। ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও Bagdah Bongaon