“টিচারদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসছে” TET বিভ্রান্তির মাঝে শিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর

Published:

TET Exam Update

প্রীতি পোদ্দার, কলকাতা: টেট (TET Exam Update) নিয়ে কিছুতেই কাটছে না বিভ্রান্তি এবং জট। কারণ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে রাজ্য সরকার প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের যে সমস্ত কর্মরত শিক্ষক টেট পাশ করেননি, তাঁদের পরীক্ষার (Supreme Court TET Order) বন্দোবস্ত করার কথা বললেও কারা পরীক্ষায় বসবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে একাংশের মনে। শুধু তাই নয় চাকরি চলে যাওয়ার চিন্তাও বাড়ছে, আর সেই নিয়ে এবার সরাসরি মুখ খুললেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন।

TET নিয়ে চিঠি পাঠানো হল বিকাশ ভবন থেকে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার, বিকাশ ভবন থেকে SSC-র চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতিকে চিঠি লেখা হয়েছিল। শিক্ষা দফতর জানিয়েছিল যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই টেট পরীক্ষা নিতে হবে। ২০০৯ সালে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে যাঁরা চাকরি পেয়েছেন এবং এখনও ৫ বছরের বেশি চাকরি করবেন, তাঁদের TET দিতে হবে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে TET পাশ না করলে তাঁদের চাকরি থাকবে না। ফলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি যেতে পারে বলে চিন্তায় পড়েন কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকা। এবার তাঁদের বড় আশ্বস্ত করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

কী বলছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার আলিপুরদুয়ার ফালাকাটা কলেজে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তখনই টেট পরীক্ষা নিয়ে প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এত গেল গেল রব তোলার কিছু হয়নি। টিচারদের নিয়ে চিন্তাভাবনা করছি। সোমবার (আজ) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাতে অনেকেই স্বস্তি পাবেন।” আর এই ঘোষণা প্রকাশ্যে আসা মাত্রই আরও এক চিন্তা শুরু হয়েছে কর্মরতদের। সকলের একটাই প্রশ্ন এই নতুন বিজ্ঞপ্তিতে কী থাকবে, কর্মরতদের জন্য কোনও ছাড়ের সুযোগ থাকবে কি না। তবে অনেকের বিশ্বাস নয়া সরকার শিক্ষক-শিক্ষিকাদের জন্য ভালো কিছুই করবে।

আরও পড়ুন: ‘বিতৃষ্ণা মনোভাব এসে গিয়েছে’ নাম ঘোষণা হতেই বিস্ফোরক রেজিনগরের তৃণমূল প্রার্থী রবিউল

উল্লেখ্য, এর আগে ২ বছরের মধ্যে TET পাশ করতে হবে বলে শীর্ষ আদালত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু পরে আবেদনের ভিত্তিতে চলতি বছর গত ২৯ মে নির্দেশে কিছুটা সংশোধন করে সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশে শীর্ষ আদালত জানায়, কর্মরত শিক্ষকদের ৩ বছরের মধ্যে TET পাশ করতে হবে। তাই সেই সুবাদে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে চিঠিতে শিক্ষা দফতর জানিয়েছে, কর্মরত শিক্ষকদের ২০২৮ সালের ৩১ অগস্ট কিংবা তার আগে TET পাশ করতে হবে। এখন দেখার এই সমস্যার জট কোন দিকে মোড় নেয়।