প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই রাজ্যে শুরু হতে চলেছে বহু উপেক্ষিত দ্বিতীয় দফার নির্বাচন পর্ব (West Bengal Election 2026)। এককথায় তাই রণক্ষেত্র জুড়ে এখন থমথমে পরিবেশ। আর এই সময় যাতে কোথাও কোনো অশান্তি না হয়, তার জন্য একাধিক ব্যবস্থা করেছে কমিশন (Election Commission Of India)। অনির্দিষ্টকালের জন্য ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই দফায় দফায় এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমতাবস্থায় রাজ্যে বাড়তি সুরক্ষা প্রদানের জন্য উত্তরপ্রদেশ থেকে ডেকে পাঠানো হল জনপ্রিয় এনকাউন্টার স্পেশালিস্ট ‘সিংহম’ অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)।
রাজ্যে এলেন যোগীর সিংহম
গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন মোটের ওপর বেশ নির্বিঘ্নেই কেটেছিল। কিন্তু আগামীকালের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। কারণ ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। তাই ভাঙড় থেকে ক্যানিং, মিনাখাঁ থেকে বাসন্তী সকল জেলায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। তাই এই পরিস্থিতিতেই ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার প্রথমেই রয়েছেন উত্তরপ্রদেশের দোর্দণ্ডপ্রতাপ IPS অজয় পাল শর্মা। এখন প্রশ্ন উঠছে কে এই অজয় পাল শর্মা। বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিবেদনের মাধ্যমে।
কে এই অজয় পাল শর্মা?
অজয় পাল শর্মা ২০১১ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের IPS অফিসার। তিনি পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেছিলেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল তিনি আসলে একজন ডাক্তার। পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারি নিয়ে পাশ করেছিলেন। কিন্তু সেই পেশা ছেড়ে দিয়ে তিনি পুলিশের পেশা বেছে নেন। এইমুহুর্তে তিনি উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কড়া মেজাজ আর নির্ভীক দাপটের জন্যই তাঁকে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ ও ‘সিংহম’ উপাধি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি রাজ্যে এসে ভোটের ২ দিন আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে ভোটারদের প্রভাবিত করার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন, যা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি
অভিযোগ উঠে আসছে, গতকাল, সোমবার সকালে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং তাঁর লোকেরা ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোট দিতে যেতে বারণ করছেন এবং জোর করে ভোটার কার্ড হাতিয়ে নিচ্ছেন। কমিশনের আদেশে জাহাঙ্গিরের বাড়িতে পৌঁছয় আইপিএস অজয় পাল শর্মা ও কেন্দ্রীয় বাহিনী। তবে বাড়িতে ছিলেন না জাহাঙ্গির খান। এরপরই আইপিএস অজয় পাল শর্মাকে বলতে শোনা গিয়েছে, “আশপাশের যত লোক আছেন, ভালভাবে শুনে নিন, কেউ কোনও বদমাইশি করলে ভাল করে দাওয়াই দেওয়া হবে। এখানে জাহাঙ্গিরের বাড়ির লোকেরাও আছেন। ওকে ভালভাবে বুঝিয়ে দেবেন ভালমতো ব্যবস্থা নেওয়া হবে। পরে কান্নাকাটি করতে পারবে না।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর কনটেন্ট! কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন
অজয় পাল শর্মার এই হুঁশিয়ারি নিতে ক্ষুব্ধ শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে পাল্টা জবাব দিয়েছে তারাও। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে এই প্রসঙ্গে দু’টি পোস্টও করা হয়েছে। অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আনা হয়েছিল। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ভোট নিয়ে বরাবরই নালিশ জানায় বিরোধীরা। অভিযোগ ওঠে দেদার ছাপ্পা ভোটের। তাই সেক্ষেত্রে অজয় পাল শর্মার মতো অফিসারকে সেখানে পাঠানোর অর্থ হল, অশান্তি পাকানোর চেষ্টা করলেই চরম ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রাখা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।










