মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর কনটেন্ট! কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল, বুধবার, রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Election 2026) হতে চলেছে। স্বাভাবিকভাবেই তাই থমথমে পরিবেশ রাজ্য জুড়ে। প্রচারপর্ব গতকাল, সোমবার শেষ হয়ে গেলেও সকলের চোখে মুখে চিন্তা যেন ফুটে উঠছে। অন্যদিকে শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন (Election Commission Of India) বেশ উঠে পড়ে লেগেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে সমাজমাধ্যমে কুরুচিকর ভিডিও বা মিম বানালেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

মুখ্যমন্ত্রীর নামে সমাজমাধ্যমে কুরুচিকর ভিডিও!

ভোটের আবহে রাজনৈতিক পারদ যখন চরমে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে একটি ‘কুৎসিত’ ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ শাসকদল, চরম উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই ভিডিও নজরে আসল নির্বাচন কমিশনের। এবং সঙ্গে সঙ্গে পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কমিশনের নির্দেশের পরেই তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ। আসলে দ্বিতীয় দফা নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র হল ভবানীপুর। কারণ সেখানে মমতার শুভেন্দু মুখোমুখি লড়াইয়ে নেমেছেন, তাই ফলাফল নিয়ে বেশ টানটান পরিস্থিতি রয়েছে বটে।

 কমিশনের তরফের দ্রুত পদক্ষেপ

সূত্রের খবর, গত শনিবার ভবানীপুরে ভোট প্রচারকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। আসলে ওইদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হয়েছিল। এদিকে সভাস্থলের কাছেই মাইক বাজিয়ে প্রচার করছিল বিজেপি। যার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং শেষ পর্যন্ত বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা হয়েছিল, আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি কুরুচিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত কমিশন পদক্ষেপ নিয়েছে। লালবাজার সূত্রে খবর, ভিডিওটির উৎস সন্ধানে ইতিমধ্যে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে যাত্রী ভোগান্তি, টানা ১০ দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ

প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে দফায় দফায়। ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা প্রদানের পাশাপাশি এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি নতুন করে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের। বলা হয়েছে, সম্পূর্ণ ভোট প্রক্রিয়া শেষ হলেই একমাত্র ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা খুলতে হবে তার আগে নয়। আর যে এই নিয়ম মানবেন না, তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।