বেসরকারি স্কুলে চলবে বিশেষ অভিযান, বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের

Published:

Private Schools Of West Bengal

অনন্যা সরকার, কলকাতা: রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলির উন্নতিসাধনে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার বেসরকারি স্কুলগুলিকে (Private School) নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেই সরকারের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল যে, রাজ্যের যেসমস্ত বেসরকারি স্কুল এখনও তাদের তথ্য ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (UDISE+) পোর্টালে জমা দেয়নি বা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার এরাজ্যের বেসরকারি স্কুলগুলিতে অভিযান হবে বলে নজরদারির নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর (Department of School Education)। প্রতিটি জেলায় বিদ্যালয় পরিদর্শকদের (School Inspector) এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বেসরকারি স্কুলে শিক্ষা দফতরের বিশেষ অভিযান

রাজ্যের সকল বেসরকারি স্কুলকে সম্পূর্ণ তথ্যভান্ডার তৈরি করতে বলা হয়েছে। জেলা অফিসের তথ্যের পাশপাশি, বাংলার শিক্ষা পোর্টাল এবং কেন্দ্রের UDISE+ পোর্টালে জমা দেওয়া সমস্ত তথ্য একসাথে মিলিয়ে যাচাই করা হবে। এরজন্য বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকেরা যাবেন বিদ্যালয়গুলিতে। কোনও স্কুল কর্তৃপক্ষ যদি এই অভিযানে বাধা দেয়, তাহলে পুলিশের সাহায্য নিতে পারবেন আধিকারিকরা, এমনটাই বলা সরকারি নির্দেশিকায়। 

আরও পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের জায়গায় প্রহ্লাদ যোশি, নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা কেন্দ্রের

সূত্র মারফৎ জানা গেছে, সরকারি স্বীকৃতি বা নো অবজেকশন সার্টিফিকেট (NOC) ছাড়া যেসমস্ত বেসরকারি স্কুলগুলি চলেছে, সেখানেই অভিযান চালানো হবে। গুগল ফর্ম (Google Form)-এর মাধ্যমে এনওসি ও বিদ্যালয়ের অধিভুক্তির শংসাপত্র (Affiliation Certificate) জমা দেওয়ার পর পারস্পরিক যাচাইকরণ (Cross Verification) হবে। 

স্কুল শিক্ষা দফতরের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেক সপ্তাহে জেলা বিদ্যালয় পরিদর্শকের কমপক্ষে একটি করে বেসরকারি স্কুল সরজমিনে পরিদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই তদন্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে UDISE+ পোর্টালে গরমিল থাকা, শূন্য ছাত্র ভর্তি ও স্বীকৃতিহীন স্কুলগুলি। পরিদর্শনে খতিয়ে দেখা হবে প্রতিটি বিদ্যালয়ের পরিকাঠামো কেমন, শিক্ষক-ছাত্র অনুপাত কত, ভবনের নিরাপত্তা ও সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা। এছাড়াও, শৌচাগার, পানীয় জল, লাইব্রেরি, ল্যাবের পাশাপাশি শিশু সুরক্ষা এবং আরটিই (RTE) আইন মানা হচ্ছে কিনাও দেখা হবে।

আরও পড়ুন: সারপ্লাস ট্রান্সফারে নয়া সিদ্ধান্ত শিক্ষা দফতরের, নবীন শিক্ষকদের জন্য এবার বড় সুযোগ

এর পাশাপাশি, ডিজিটাল নজরদারির দিকেও জোর দেওয়া হচ্ছে। সমস্ত পরিদর্শনের রিপোর্ট এম-পরির্দশন (M-Paridarshan) অ্যাপে জিও-ট্যাগ করা ছবি-সহ আপলোড করতে বলা হয়েছে। আর সরকারি পরিদর্শনে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। প্রয়োজনে পুলিশি সাহায্য ও আরটিই আইন অনুযায়ী আইনানুগ পদক্ষেপও নেওয়া হবে। 

এনওসি ছাড়া চলা, ইউডাইস (UDISE) পোর্টালে বেনিয়ম, পরিকাঠামো ও নিরাপত্তাজনিত ঘাটতি থাকা প্রতিটি স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। স্কুল পরিদর্শকদের প্রতি মাসে জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কতগুলি স্কুলে পরিদর্শন করা হয়েছে, কী কী অনিয়ম ধরা পড়েছে এবং এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে – সেই সমস্ত বিষয়ে আলোচনা করে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে শিক্ষা দফতরের কাছে।