বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 21 জুন, রাজ্যে ধুমধাম করে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) । আর সেই দিনই যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকার। সেই মর্মেই, জারি হয়ে বিশেষ নির্দেশিকা। সেখানে একেবারে পরিষ্কার করে জানানো হয়েছে, রাজ্য সরকারের প্রত্যেক কর্মচারীকে আগামী 21 তারিখ দিনটিতে সকাল 6টা থেকে পৌনে 8টা পর্যন্ত সংশ্লিষ্ট দফতর অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
রাজ্য সরকারের সব কর্মীকেই উপস্থিত থাকতে বলা হয়েছে
গতকাল অর্থাৎ 14 জুন, রাজ্য সরকারের মুখ্য সচিবের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্য সরকারের সমস্ত স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, মজুরিভিত্তিক এমনকি দৈনিক বা আউটসোর্সের কর্মীরাও বাধ্যতামূলকভাবে 21 জুনের আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে হবে সরকারের তরফে সাম্মানিক পাওয়া কর্মীদেরও।
এখানেই শেষ নয়, সরকারি কর্মীদের জন্য নির্দেশিকা দেওয়ার পাশাপাশি তাতে এও বলা হয়েছে, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তিদেরও যোগ দিবস পালন করতে হবে। বলাই বাহুল্য, এদিন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীরা।

অবশ্যই পড়ুন: আরও এক দুর্ধর্ষ ম্যাচ ফিনিশার পেয়ে গেল টিম ইন্ডিয়া! খেলছেন বৈভবের সাথেই
উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে 21 তারিখ রাজ্যজুড়ে নানান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এর আগের দিন অর্থাৎ 20 তারিখ কলকাতার গঙ্গাবক্ষে অন্তত 500 নৌকায় হবে যোগাভ্যাস। যা এর আগে দেখেননি দেশবাসী। আর সেটা হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবে বাংলা।










