পুলিশের আধুনিকিকরণ কোন পথে? নিদান দিলেন প্রাক্তন NSG তথা বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল আমলে পুলিশের (West Bengal Police) যে সে অর্থে কোনও উন্নতি হয়নি সেটা একেবারে ধ্রুব সত্য! বুধবার, বিধানসভায় (West Bengal Assembly) দাঁড়িয়ে পুলিশ বাজেটের জবাবি ভাষণে সে কথা তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন পুলিশ বাজেট নিয়ে নিজেদের মূল্যবান বক্তব্য রেখছিলেন বিধানসভার অন্যান্য সদস্য বা বিধায়করাও। তাঁদের মধ্যেই নিজের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা তথা উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। কোন পথে পুলিশের আধুনিকীকরণ করা যাবে তা নিয়েই অল্প সময়ের মধ্যে বিশেষ পরামর্শ দিলেন দীপাঞ্জন বাবু।

পুলিশের আধুনিকীকরণ নিয়ে বড় পরামর্শ প্রাক্তন NSG কর্তার

এদিন বিধানসভায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিজের বক্তব্য রাখতে গিয়ে উত্তরপাড়ার বিধায়ক তথা প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী একেবারে প্রথমেই ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলেন। যে কথা বিধানসভায় কার্যত কারও মুখে শোনাই যায়নি সেটাই এদিন স্মরণ করিয়েছিলেন দীপাঞ্জন বাবু। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কতটা চিন্তার বিষয় সেটাই এদিন মনে করিয়ে দিয়েছিলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা।

দীপাঞ্জন বাবু বলেন, “আমি প্রায় তিন দশকের বেশি সময় ধরে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করেছি। আমরা এই সদনে অবশ্যই লোকাল বিষয়ে, লোকাল থানা, পুলিশ নিয়ে কথা বলব। কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু খুব একটা আলোচনা করছি না। এটা ভুলে গেলে চলবে না ভারতবর্ষের এই অংশটা বিশেষ করে পশ্চিমবঙ্গ কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বড় চিন্তার বিষয়।”

বাংলা কেন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা দিতে গিয়ে অতীত স্মরণ করালেন প্রাক্তন NSG কর্তা। উত্তরপাড়ার বিধায়ককে বলতে শোনা গেল, “আমরা দেখতে পারছি বাংলাদেশ, আমরা দেখতে পারছি চিকেনস নেক এবং কীভাবে নেপালের মাধ্যমে চিন পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিপদ তৈরি করছে। আমার মনে হয় আমরা যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তবে সত্যিই ভাল হয়।”

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গুরুত্ব বোঝানোর সাথে সাথে এদিন প্রাক্তন ইন্টালিজেন্স কর্তা পুলিশের আধুনিককরণ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “যেহেতু পুলিশের মডার্নাইজেশন নিয়ে কথা হচ্ছে পুলিশের মডার্নাইজেশন একটা বিরাট অংশ। কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে আমি বেশ কয়েকটি দেশ, কয়েকটি রাজ্যের মডার্নাইজেশনের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম। মডার্নাইজেশন কিন্তু শুধুমাত্র টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে হয় না।”

বুধবার, রাজ্য পুলিশের প্রাপ্য সম্মান এবং অধিকার নিয়ে কথা বলেছিলেন উত্তরপাড়ার বিধায়ক। দীপাঞ্জন বাবু জানান, “আমরা প্রত্যেকেই জানি বিগত 50-60 বছরে পুলিশ তাঁর সম্মানটা পাননি।” একথা বলেই এদিন বাম আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শাসন পর্যন্ত ঘটে যাওয়া একগুচ্ছ বিক্ষিপ্ত ঘটনা তুলে ধরেন প্রাক্তন NSG কর্তা। এদিন কালীঘাটের মহাদেবী বাড়িতে পুলিশের খিচুড়ি বিতরণ করার প্রসঙ্গও তোলেন বিজেপি বিধায়ক। প্রসঙ্গ তোলেন বীরভূমের অনুব্রত মণ্ডলের পুলিশকে শাসানোরও!

এখানেই শেষ নয়, পুলিশের আধুনিকীকরণের জন্য সরকারের যে কতটা সহযোগিতা প্রয়োজন সেটাও এদিন স্মরণ করিয়ে দেন দীপাঞ্জন বাবু। প্রসঙ্গ টানেন উত্তর প্রদেশ পুলিশের। পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে উত্তর প্রদেশ পুলিশ গুন্ডা দমনে কতটা স্বাধীনতা পেয়েছে সে কথাও এদিন স্মরণ করিয়ে দেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তার ভুয়সী প্রশংসা করেন উত্তরপাড়ার বিধায়ক। একই সাথে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান তিনি।

অবশ্যই পড়ুন: কবি সুভাষের পর এবার কলকাতা মেট্রো এই বড় স্টেশনের পিলারে ফাটল, বন্ধ হচ্ছে পরিষেবা?

এদিন নিজের বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে দীপাঞ্জন বাবু খুব পরিষ্কারভাবে জানান, পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ করতে পুলিশকে আপাদমস্তক ওভারোলিং করতে হবে। একই সাথে তিনি এও বলেন, “পুলিশের মানসিকতা, পুলিশের মোটিভেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বদলে দিয়েছেন। আমরা আশা করব রাষ্ট্রীয় সুরক্ষার দিকে নজর রেখে সারা ভারতবর্ষের সাথে সংযোগ স্থাপন করে পুলিশের মর্ডানাইজেশনের দিকে আমরা এগবো।” সব মিলিয়ে বলাই যায়, পুলিশের আধুনিকীকরণ নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গুরুত্ব বোঝানোর সাথে সাথে এদিন গোটা পুলিশ ব্যবস্থাকে একপ্রকার আলোর দিশা দেখিয়েছিলেন প্রাক্তন NSG কর্তা।