সহেলি মিত্র, কলকাতাঃ আবারও শিরোনামে কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতার বিরুদ্ধে গিরীশ পার্ক থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন? চলুন জেনে নেওয়া যাক।
কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় FIR দায়ের
দুর্গাপুজোর সময়ে চোরবাগানে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। দিকে দিকে চলেছে রাজনৈতিক, অরাজনৈতিক বিক্ষোভ। চোরবাগানকান্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস অতি সম্প্রতি একটি বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভে সামিল ছিলেন কুণাল ঘোষ। এখন সেই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা।
ফেসবুকে সেই বিক্ষোভের একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে আরেকটি মামলা। এবার গিরীশ পার্ক থানায় এফআইআর। চোরবাগানকান্ডে নিরপেক্ষ তদন্ত ও দখল করা কমিটির প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিতে গিরীশ পার্ক থানার সামনে একই সময়ে বিক্ষোভ করেছিল তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস। আমিও ছিলাম। সেই অভিযোগে এবার আমার বিরুদ্ধে মামলা। নোটিস পাঠিয়েছে থানা। বলা হয়েছে না মানলে আইনি ব্যবস্থা হবে। এত মৃত্যুর পরেও প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। উল্টে প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখিয়ে কন্ঠরোধের চেষ্টা।’
আরও পড়ুন: ‘আমি এখনও জেলের বাইরে কী করে?’ বিজেপিকে আক্রমণ করে প্রশ্ন অভিষেকের
১৩ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিট-র
চোরবাগানকাণ্ডে তদন্তকারী ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট শনিবার ঘটনার সময় কর্তব্যরত পুলিশ কর্মীসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন এই প্যানেলটি তদন্ত পর্যালোচনা করতে রাইটার্স বিল্ডিং-এ তার দ্বিতীয় বৈঠক করে। অনিন্দিতা রায় সরস্বতী জানান, “আমরা আজ ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছি, বিশেষ করে গিরিশ পার্ক থানার সেইসব পুলিশ কর্মীদের, যারা দুর্ঘটনার সময় কর্তব্যরত ছিলেন। আমরা দমকল বাহিনীর কয়েকজন কর্মীর সাথেও কথা বলেছি।”
তিনি আরও বলেন, প্যানেলটি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তলব করবে। প্রয়োজনে আমরা চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলের নকশাকার শিল্পী সুশান্ত পালকেও তলব করব। উল্লেখ্য, গত ১৭ই অক্টোবর দুর্গাপুজোর প্যান্ডেলে পদদলিত হয়ে ১৯ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।










