শীত পড়লেই বন্ধ হবে AC? এই ৭টি কাজ না করলেই বিপদ!

Published:

AC Cleaning Tips

আনিষা চৌধুরী, কলকাতা: বিশ্ব উষ্ণায়নের প্রভাব যত বাড়ছে, ততই দীর্ঘ হচ্ছে গ্রীষ্মের দাপট। তীব্র গরমে স্বস্তি পেতে এসি ছাড়া যেন এক পা-ও চলতে পারছে না মানুষ। কিন্তু শুধু এসি ব্যবহার করলেই তো হবে না, তার সঠিক পরিচর্যাও জরুরি। দীর্ঘদিন ধরে এসির ভিতরে ধুলো, ময়লা জমে থাকলে বাতাস চলাচলে বাধা তৈরি হয়। এর ফলে যন্ত্রের ঠান্ডা করার ক্ষমতা কমে যায়, বিদ্যুৎ খরচ বাড়ে এবং যন্ত্রের বিভিন্ন অংশের উপর অতিরিক্ত চাপ পড়ে। পাশাপাশি দীর্ঘদিন অপরিষ্কার রাখলে এসি অতিরিক্ত গরম হয়ে যায়, যার ফলে অগ্নিকাণ্ডের মতন ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাই শীতের মরশুমে এসি দীর্ঘদিন বন্ধ রাখার আগে এই কয়েকটি বিষয়ে মাথায় রাখুন। জেনে নিন এসির (Air Conditioner) যত্ন নেওয়ার ৭টি জরুরি টিপস।

শীতের আগে এসির যত্ন নেবেন কীভাবে?

১. প্রথমেই পরিষ্কার করুন এসির ফিল্টার: এসি দীর্ঘদিন ব্যবহার করার ফলে তার ফিল্টারে ধুলোবালি জমতে থাকে। তাই শীতের আগে ফিল্টার খুলে ভালো করে পরিষ্কার করে নিন। হালকা জল দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। ভুলেও ভেজা অবস্থায় ফিল্টারটি এসিতে লাগাবেন না। নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখলে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং এসির কার্যক্ষমতাও দীর্ঘদিন অব্যাহত থাকে।

২. ইনডোর ইউনিট ও কয়েল পরিষ্কার করুন: শুধু ফিল্টার পরিষ্কার করলেই হবে না। এসির ভিতরের অংশ, বিশেষ করে ইভাপোরেটর কয়েল এবং ব্লোয়ারেও ধুলো জমতে পারে। নরম কাপড় বা উপযুক্ত ব্রাশ দিয়ে বাইরের অংশের ধুলো পরিষ্কার করুন। তবে ভিতরের কয়েল বা বৈদ্যুতিক যন্ত্রাংশ নিজে খুলে পরিষ্কার করতে যাবেন না। প্রয়োজনে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

৩. আউটডোর ইউনিটের দিকেও নজর দিন: অনেকেই এসির বাইরের ইউনিটটির কথা ভুলে যান। অথচ এই অংশেও ধুলো, শুকনো পাতা, পোকামাকড় বা অন্যান্য আবর্জনা জমতে পারে। তাই আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার রাখুন। বাতাস চলাচলের পথ যাতে কোনওভাবেই আটকে না যায়, সেদিকেও খেয়াল রাখুন।

৪. ড্রেনেজ পাইপ পরীক্ষা করুন: এসি চলার সময় তৈরি হওয়া জল বেরিয়ে যাওয়ার জন্য ড্রেনেজ পাইপ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের ফলে এই পাইপে ময়লা জমে ব্লকেজ তৈরি হতে পারে। এর ফলে ঘরের ভিতরে জল চুঁইয়ে পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের আগে পাইপ ও ড্রেনেজ লাইন পরীক্ষা করিয়ে নিন।

৫. কিছুক্ষণ ফ্যান মোড চালিয়ে নিন: এসি বন্ধ করে দেওয়ার আগে মডেল অনুযায়ী ফ্যান মোড বা অটো ক্লিন ফিচার থাকলে তা ব্যবহার করতে পারেন। এতে ভিতরের অংশের জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যায়। তবে প্রত্যেক এসিতে এই সুবিধা থাকে না। তাই ব্যবহারের আগে ম্যানুয়াল দেখে নিন।

৬. মেন সুইচ বন্ধ করে রিমোটের ব্যাটারি খুলে রাখুন: শীতের মরশুমে এসি দীর্ঘদিন ব্যবহার না করলে তার মেন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করে রাখুন। মডেল অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম আলাদা হয়, এই নিয়ম অবশ্যই মেনে চলুন। পাশাপাশি রিমোটের ব্যাটারিও খুলে আলাদা জায়গায় রেখে দিন। এতে ব্যাটারি থেকে তরল বেরিয়ে রিমোট নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।

৭. আউটডোর ইউনিট ঢেকে রাখুন: দীর্ঘদিন এসি ব্যবহার না করলে আউটডোর ইউনিটকে ধুলোবালি, পাতা ও অন্যান্য আবর্জনা থেকে রক্ষা করতে উপযুক্ত কভার ব্যবহার করুন। তবে কভারটি যেন ইউনিটের ভিতরে আর্দ্রতা আটকে না রাখে। আবার এসি চালানোর আগে অবশ্যই কভার খুলে নেবেন।

আরও পড়ুন: নিমিষেই হবে জলের ট্যাঙ্ক পরিস্কার! ঢুকতে হবে ভিতরেও, জানুন সহজ পদ্ধতি

শীতকালে এসি ব্যবহার না করলেও তার যত্ন নেওয়া প্রয়োজন। মরশুমের শুরুতে যেমন এসি পরিষ্কার করা জরুরি, তেমনই দীর্ঘদিন বন্ধ রাখার আগেও কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার। নিয়মিত পরিচর্যা করলে এসির কার্যক্ষমতা বজায় রাখা সহজ হয় এবং বারবার খারাপ হয়ে যাওয়ার আশঙ্কাও দূর হয়। তবে কয়েল, বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রের ভিতরের কোনও সমস্যা থাকলে নিজে পরীক্ষা না করে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।

google button