সহেলি মিত্র, কলকাতা: দীপাবলির আগে বড় ঝটকা খেলেন আমজনতা। আজ নভেম্বর মাসের শুরুতেই ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG Price Hike)। সামনেই রয়েছে দীপাবলি থেকে শুরু করে ছট পুজো। সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কিন্তু, তার আগেই দেশের সরকারি তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক বা কনফেকশনারি সিলিন্ডারের দাম ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এই বৃদ্ধির পর দিল্লিতে একটি সিলিন্ডারের দাম হয়েছে ২,৮২০ টাকা। নতুন দাম আজ থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কি বেড়েছে? চলুন জেনে নিই।
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
দিল্লিতে সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে ২,৮১০ টাকা থেকে ২,৮২০ টাকা হয়েছে। কলকাতায় সবচেয়ে বেশি ১৭ টাকা দাম বেড়েছে, ফলে দাম ২,৯৫৪ টাকা থেকে বেড়ে ২,৯৭১ টাকা হয়েছে। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বেড়ে ২,৭৬৪.৫০ টাকা থেকে ২,৭৭৫ টাকা হয়েছে, অন্যদিকে চেন্নাইতে দাম ১১.৫০ টাকা বেড়ে ২,৯৮৩ টাকা থেকে ২,৯৯৪.৫০ টাকা হয়েছে।
পকেটের উপর এর প্রভাব কী হবে?
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ, ধাবা, মিষ্টির দোকান এবং ক্যাটারিং পরিষেবাগুলিতে ব্যবহৃত হয়। টানা দ্বিতীয় মাসে (অক্টোবর এবং নভেম্বর) বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বাইরের খাবারের দোকান এবং হোটেল শিল্পের পরিচালন ব্যয় বাড়বে। এই উৎসবের মরসুমে, যদি রেস্তোরাঁ বা ধাবার মালিকরা এই বর্ধিত খরচ তাদের গ্রাহকদের উপর চাপিয়ে দেন, তবে বাইরে খাওয়া বা মিষ্টি কেনা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: তৈরি নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া
যদিও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। তথ্য অনুযায়ী, জাতীয় রাজধানী দিল্লিতে ঘরোয়া এলপিজির দাম ৯৪২ টাকায় অপরিবর্তিত রয়েছে। কলকাতায় একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকায় পৌঁছেছে। মুম্বাইয়ে একটি গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ৯৪১.৫০ টাকা। চেন্নাইয়ে একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৯৫৭.৫০ টাকা। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম শেষবার জুন মাসে বাড়ানো হয়েছিল।










