বাড়ির বিছানাকেও হোটেল রুমের মতো পরিপাটি করে তুলতে চান? জেনে নিন কৌশলগুলি

Published:

Making Home Bed Look Neat Like Hotel Rooms

অনন্যা সরকার, কলকাতা: বাড়ির বিছানাটি (Home Bed) যতই ভালো হোক না কেন, যদি তার ওপর চাদর ঠিকমতো পাতা না থাকে, তাহলে পুরো ঘরটাকেই অগোছালো দেখায়। অন্যদিকে, হোটেলের ঘরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে পরিপাটি করে পাতা বিছানা। চাদরে নেই কোনো ভাঁজ, বালিশগুলো নিখুঁতভাবে সাজানো ও কমফোর্টারটি সুন্দরভাবে গোছানো রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলোই একটি সাধারণ বিছানাকেও হোটেল রুমের মতো করে তুলতে পারে। এর জন্য খুব দামি জিনিসের প্রয়োজন হবে না, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চাদর টানটান করে গোছানো এবং সুপরিকল্পিত বিন্যাসই হলো এর আসল রহস্য। 

বাড়ির বিছানাকে পরিপাটি করে তোলার পদ্ধতি

শুরুতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা একান্ত কাম্য। বিছানার চাদর বদলানোর আগে পুরো বিছানা ও এর চারপাশের জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বিছানার চাদর, বালিশের কভার ও কমফোর্টার নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখতে হবে। কারণ ম্যাট্রেস বা বালিশে ধুলোবালি জমে থাকলে বিছানার সতেজভাব নষ্ট হয়ে যায়।

 ম্যাট্রেসটি পরিষ্কার করার পর তার ওপর পছন্দের চাদরটি সমানভাবে বিছিয়ে দিন ও হাতের সাহায্যে ভাঁজ বা কুঁচকানো অংশগুলো সমান করে নিতে হবে। চাদরের চারটি কোণা ম্যাট্রেসের নীচে শক্ত করে গুঁজে দিন। বিশেষ করে বিছানার নীচের দিকের অংশের বাড়তি কাপড় ভালোভাবে টেনে নিয়ে গুঁজে দিলে চাদরে ভাঁজ পড়বে না। চাদর যত টানটান ও মসৃণ থাকবে, আপনার বিছানাও ততটাই হোটেলের বিছানার মতো দেখাবে।

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কয়েক মিনিট সময় নিয়ে বিছানা গুছিয়ে ফেলুন। চাদর সোজা করুন, ভাঁজ বা কুঁচকানো অংশগুলো সমান করে দিন এবং আলগা হয়ে যাওয়া কাপড় পুনরায় ম্যাট্রেসের নীচে গুঁজে দিন। এই ছোট ছোট অভ্যাস বিছানার লুকে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

খাটের হেডবোর্ডের বিপরীতে দুটি বা চারটি বালিশ খাড়া করে রাখুন, চাইলে তার সামনে কিছু শোপিস বা কুশনও সাজিয়ে রাখতে রাখতে পারেন। বালিশগুলো ভালোভাবে ঝেড়ে নিয়ে হাতের সাহায্যে ফাঁপিয়ে নিন এবং খেয়াল রাখুন যেন দুই পাশের বালিশের বিন্যাস সমান থাকে। কমফোর্টারটি সমানভাবে চাদরের ওপর বিছিয়ে দিন, যাতে ভাঁজগুলো ঠিকঠাক থাকে। এছাড়া, ডুভেট কভার ব্যবহার করলে বিছানা পরিষ্কার রাখা সহজ হয়। 

আরও পড়ুন: শীত পড়লেই বন্ধ হবে AC? এই ৭টি কাজ না করলেই বিপদ!শীত পড়লেই বন্ধ হবে AC? এই ৭টি কাজ না করলেই বিপদ!

উল্লেখ্য, বিছানার ম্যাট্রেসটি যদি অনেক পুরনো হয় বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে তা বদলে ফেলাই ভালো। সাধারণত একটি ম্যাট্রেসের আয়ু ৭ থেকে ১০ বছর হয়ে থাকে। বিছানাকে আরও আরামদায়ক করে তুলতে ম্যাট্রেস প্যাডও ব্যবহার করা যায়। বিছানায় হালকা লিনেন স্প্রে কিংবা ল্যাভেন্ডার ও ক্যামোমাইলের মতো মৃদু সুগন্ধি ব্যবহার করলে ঘরের মধ্যে একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। তবে খেয়াল রাখতে হবে সুগন্ধ যেন খুব কড়া না হয়।

পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর ও বালিশের কভারগুলো বদলানো উচিত। আর মাসে একবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ম্যাট্রেস পরিষ্কার করা দরকার। এছাড়া, সম্ভব হলে ম্যাট্রেসটি কিছু সময় অন্তর উল্টে দিতে পারেন। এই নিয়মগুলি মেনে চললে বিছানা দীর্ঘ সময় ধরে আরামদায়ক, পরিষ্কার এবং হোটেলের বিছানার মতোই চমৎকার থাকবে।

google button