সহেলি মিত্র, কলকাতা: আবারও বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরকারের সমালোচনা করা বিরোধীদের রাজনৈতিক অধিকার। শনিবার এই দাবি তুলে ফের শাসক শিবিরকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত দু’দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে চলা রাজনৈতিক বাকযুদ্ধের আবহে এ দিনও মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
বিজেপিকে ফের ঝাঁঝালো আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ফেসবুকে অভিষেক লেখেন, ‘বিজেপির তাঁবেদারদের এখন একটাই চিন্তা, এত জোর গলায় বিজেপির বিরোধিতা করেও আমি এখনও জেলের বাইরে কী করে? ভাবুন একবার, দেশের রাজনীতি আজ কোথায় এসে দাঁড়িয়েছে! বিজেপির বিরুদ্ধে মুখ খোলা যেন মহাপাপ! কেউ শাসককে প্রশ্ন করছেন, অথচ এখনও জেলে যাননি, সেটাই যেন অবাক হওয়ার বিষয়!
তিনি আরও লেখেন, ‘গণতন্ত্রে প্রশ্ন করাটা অধিকার। অথচ আজ সেই অধিকার প্রয়োগ করাকেই দুঃসাহস বলে মনে করা হচ্ছে। এটাই কি আমাদের দেশের নতুন স্বাভাবিকতা? বিজেপি এমন বিরোধী পক্ষ চায়, যারা প্রশ্ন করবে না, প্রতিবাদ করবে না, মাথা তুলে দাঁড়াবে না। আর বাংলায় তাদের লক্ষ্য বিরোধীশূন্য রাজনীতি! কিন্তু বিজেপিকে একটা কথা বুঝতে হবে, বিরোধিতা কোনও অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনও দেশদ্রোহিতা নয়, আর গণতন্ত্র কারও পৈতৃক সম্পত্তি নয়।’
আরও পড়ুন: “বেবি আর আন্টি দু’জনের ভাব…” তৃণমূল-সিপিএমকে একাসনে বসিয়ে তোপ শুভেন্দুর
ফের সরগরম বঙ্গ রাজনীতি
গত দু’দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিষেকের বক্তব্য ও পাল্টা বক্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবারের মন্তব্যে সেই বিতর্ক আরও উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।










