মন্ত্রী হয়েও নেই এতটুকু অহংকার, নিজেই চাষের কাজে নেমে পড়লেন গৌরীশঙ্কর ঘোষ

Published:

Gouri Shankar Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী হয়েও কিন্তু সংস্কার ভোলেনি। সকাল সকাল পরিবারের সদস্যদের সঙ্গে মাঠে চাষের কাজে নেমে পড়লেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gouri Shankar Ghosh)। প্রমাণ করে দিলেন যে মাটির সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বেশ ভাইরাল হয়। মাঠে নেমে কৃষকদের সঙ্গে হাত লাগিয়ে কাজ (Gouri Shankar Ghosh Farming) করার সেই মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

মাঠের কাজে নামলেন গৌরীশঙ্কর ঘোষ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার, রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছিল মাঠে চাষের কাজে তিনি সকলের সঙ্গে হাত লাগাচ্ছেন। এমনকি ধানের জমিতে সেচের জন্য জল দেওয়ার কাজেও তাঁকে দেখা গেল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “ কৃষিকাজ আমাদের পরিচয়, মাটিই আমাদের গর্ব। ঘাম ঝরিয়ে ফসল ফলাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাই, আমরা কৃষকের সন্তান, মাটির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। আজ সকালে আমাদের চাষ আবাদের যে ধানের জমি তাতে সেচের জন্য জল এর প্রয়োজন, তারই কাজে আমি ,দাদা,ভাইপো।”

প্রশংসা নেটিজেনদের

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের প্রশংসা গৌরীশঙ্কর ঘোষের প্রতি যেন উপচে পড়ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সবুজ ধানের জমির পাশে একটি সেচের পাইপের কাছে সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। তাঁকে নিজেই সেচের কাজে হাত লাগাতে দেখা যায়। এছাড়াও মাঠে দাঁড়িয়ে কৃষকদের সঙ্গে কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: করম পূজোর ছুটির জন্য পিছিয়ে গেল বি.এড. চতুর্থ সেমিস্টার, নতুন পরীক্ষার দিন কবে?

প্রসঙ্গত, বেশিরভাগ মন্ত্রীকে প্রায় সময় নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি করতে এবং ভোটের প্রচার করতে চাষাবাদ করতে দেখা যায়। শুধু কি তাই গৃহস্থের বাড়িতে ঢুকেও মহিলাদের রান্নার কাজে সাহায্য করতে দেখা যায়, যদিও সবটাই আসলে ক্যামেরার সামনে দেখানো। তবে এসবের মাঝেও যে রাজ্যের এক সম্মানীয় ব্যক্তি তাঁর মন্ত্রিত্বের পাশাপাশি মাঠে চাষের কাজেও সাহায্য করছে বিনা স্বার্থে তা খুব একটা দেখা যায়, কিন্তু সেই কাজই এবার করে দেখালেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।