বাংলা থেকে ভারতের বিভিন্ন শহরে ৩,০০০ ভলভো বাস চালু করবে সরকার, হল ঘোষণা

Published:

Volvo Bus Service

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বাস রুট ও বাস পরিষেবা চালু করা হচ্ছে। এবার পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) আশ্বাস দিয়েছেন রাজ্যে থেকে দেশের বিভিন্ন রুটে ৩,০০০ ভলভো বাস (Volvo Bus) চালু করা হবে। সোমবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি দাবি করেন, বিগত তৃণমূল সরকার বাস পরিষেবাকে কার্যত খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। এতদিন যা যা সমস্যা ছিল, সেগুলি সমস্ত চিহ্নিত করা হয়েছে। বিজেপি সরকারের আমলে বাস পরিষেবায় আমূল পরিবর্তন আসবে। এরই সূত্র ধরে রাজ্য থেকে ভারতের বিভিন্ন রুটে ৩,০০০ ভলভো বাস চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মন্ত্রী।

পরিবহন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রচেষ্টা

অর্জুন সিং বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এরকম ৩,০০০ টি নতুন ভলভো বাস চালানোর ব্যবস্থা করা হবে, যেগুলি ভারতের বিভিন্ন প্রান্তে যাবে। মন্ত্রীর বিশ্বাস, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি খারাপ হয়েছে, তা পাল্টাতে সাহায্য করবে এই উদ্যোগ। এতদিন অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে বাস দেখলে কেউ উঠতে চায় না। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এবার অন্যান্য রাজ্যে যে বাসগুলি যাবে, সেগুলি দেখলে অবাক হয়ে যাবেন সেখানকার মানুষ।

আরও পড়ুন: মহিলাদের ফ্রি, আজই ৫০টি CNG এসি বাসের উদ্বোধন, কোন কোন রুটে চলবে?

এই কথার সূত্র ধরে পূর্বতন সরকারের দিকে নিশানা করেছেন পরিবহন মন্ত্রী। অর্জুন সিং বলেন, এক ব্যবসায়ী তাঁকে জানিয়েছেন যে বিগত তৃণমূল সরকারের কাছে হিমাচল প্রদেশ পর্যন্ত ভলভো বাস চালানোর অনুমতি চেয়েছিলেন, কিন্তু তিনি সেই অনুমতি পাননি। বহু চেষ্টার পরে তাঁকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতে হয়। তবে এখন সেই চিত্র সম্পূর্ন পাল্টে গেছে বলে দাবি অর্জুনের। ইতিমধ্যেই কলকাতা থেকে ভারতে বিভিন্ন বড় শহরে ভলভো বাস পরিষেবা চালু হয়েছে। 

আরও পড়ুন: হুগলি থেকে দিঘার নতুন বাস পরিষেবা শুরু, জানুন রুট

এছাড়াও পরিবহনমন্ত্রী জানিয়েছেন যে, টোটোর বাড়বাড়ন্তের ফলে রাস্তায় বাস চলাচলে ভীষণই সমস্যা তৈরি হচ্ছিল। তার সঙ্গে, বাসের যন্ত্রাংশ চুরি, কথায় কথায় ভাঙচুর কিংবা রক্ষণাবেক্ষণের অভাব তো ছিলই। এই কারণে ডিপোগুলিতে অকেজো হয়ে পড়ে রয়েছে বহু বাস। নতুন সরকার এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ ব্যবস্থা নেবে। এছাড়া, বাস টার্মিনাস ও বাস ডিপোগুলির অবস্থাও পাল্টে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অর্জুন সিং। ঢেলে সাজানো হবে টার্মিনাস ও ডিপোগুলি, থাকবে বিশ্বমানের পরিকাঠামো। সুলভ শৌচালয়গুলি বন্ধ করে, সেখানে আধুনিক সুবিধাযুক্ত উচ্চমানের শৌচাগার তৈরি করা হবে বলেও জানান পরিবহন মন্ত্রী।