শওকত-পুত্রের ‘অরণ্যের কূলে’ ক্যাফেতে চলবে বুলডোজার, দেওয়া হল ৭ দিনের আলটিমেটাম

Published:

Saokat Molla

প্রীতি পোদ্দার, কলকাতা: সংকটের মুখে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) ছেলের ‘অরণ্যের কূলে’! অবৈধভাবে নির্মিত এই ক্যাফে এবার ভাঙার জন্য নোটিস দিল খোদ প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে ক্যাফে না ভাঙলে তৃণমূলের প্রাক্তন বিধায়কের পুত্রের ক্যাফেতে বুলডোজার চলব। তাই আবার শওকত মোল্লার ছেলে ইমরানের খরচায়।

ক্যাফে ভাঙার নির্দেশ প্রশাসনের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারির পরেই খবরের শিরোনামে উঠে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার ‘অরণ্যের কূলে’ নামক ক্যাফে। অভিযোগ উঠে এসেছিল যে, বাবা শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই চরের উপর বেআইনিভাবে এই ক্যাফে তৈরি করেছিলেন ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল ব্যবসা। কিন্তু ক্ষমতার রদবদল হতেই খেলা ঘুরে গিয়েছে। এবার সেই ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিল ক্যানিং মহকুমা প্রশাসন।

বেঁধে দেওয়া হল সময়সীমা

কিছুদিন আগেই ভাঙড়ের বিস্ফোরণ মামলায় এনআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন শওকত মোল্লা। তার আগে তাঁর ছেলে ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। তখনই ওই ক্যাফের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছিল। ইমরানকে নির্দেশ দেওয়া হয়েছিল, ১৮ জুন ক্যাফে সংক্রান্ত সব আইনি কাগজপত্র নিয়ে যেতে। কিন্তু জমির বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি। অর্থাৎ যে মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে যে বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল, এর কোনও বৈধতা নেই। তাই এবার সেই বেআইনিভাবে নির্মিত ক্যাফেটেরিয়াটি আগামী ২৯ জুনের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন।

আরও পড়ুন: পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর, ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জল্পনা তুঙ্গে

জানা গিয়েছে, ক্যানিংয়ের এসডিও-র তরফে নোটিশের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে ইমরান মোল্লাকে। স্পষ্ট বলা হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে ক্যাফেটেরিয়াটি নিজ উদ্যোগে ভেঙে ফেলতে হবে মালিকপক্ষকে। যদি এই নির্দেশ অমান্য করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হয় তাহলে প্রশাসন নিজেই উচ্ছেদ অভিযান চালাবে এবং সেই খরচ বহন করতে হবে ক্যাফের মালিক অর্থাৎ শওকতের ছেলে ইমরানকেই। অর্থাৎ নদীচর দখল করে তৈরি ঝাঁ চকচকে আকর্ষণীয় ক্যাফের জৌলুস প্রায় শেষের পথে।