প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরে শিরোনামে উঠে এল পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের আর্টিকেলে আপিল ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এক মারাত্মক তথ্য ফাঁস করেছিল। যেখানে তারা দাবি করেছিল যে ট্রাইব্যুনালে নাকি ৯১ শতাংশ নাম ফিরে এসেছে। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় ওই সংবাদ মাধ্যমের তথ্যকে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
ভুল তথ্য নিয়ে চরম বিতর্ক বাংলার রাজনীতিতে
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ গতকাল, বুধবার একটি প্রতিবেদনে দাবি করেছিল যে, “রাজ্যে এখনও পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে ৮২,৭৮২টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল নিষ্পত্তিকৃত আবেদনের ৯১.১৩ শতাংশ অর্থাৎ ৭৫,৪৪৩ জনের নাম পুনরায় ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।” আর এই তথ্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই সমস্ত তথ্যকে সম্পূর্ণ গুজব বলে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দাবি করলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান যে, “একটি বহুল প্রচলিত সংবাদপত্রের পোর্টালে একটি বিতর্কিত শিরোনাম প্রকাশিত হয়েছে, আর সেটি হল – ‘৯১% নাম বাংলার ভোটার তালিকায় ফিরে এসেছে’! যেটা ভুল অর্থ বহন করছে।”
কী বলছেন অগ্নিমিত্রা পাল?
মন্ত্রীর দাবি, “SIR-এ প্রায় ২৭ লক্ষ নাম বাদ যাওয়ার পর, সেই বাদ যাওয়ার বিরুদ্ধে আপিল হয়েছিল প্রায় ৭ লক্ষ। অর্থাৎ প্রায় ২০ লক্ষের ক্ষেত্রে কোনও আপিলই করা হয়নি। আবার, প্রায় ৩১ লক্ষ আপিল করা হয়েছিল আরও নাম বাদ দেওয়ার দাবিতে, নাম ফেরানোর দাবিতে নয়। এরপরই সামনে আসে ৮২,৭৮২টি নিষ্পত্তি হওয়া আপিলের সংখ্যা। আর সেখান থেকেই ডিপ স্টেটের টাকায় মাদক খাওয়া কিছু পোর্টাল বিভ্রান্তিকর সংবাদ এর শিরোনামে লিখছে যে, “৯১% নাম ফিরে এসেছে”। এখানে আসল সত্যিটা হল ৮২,৭৮২ হল শুধুমাত্র নিষ্পত্তি হওয়া আপিলের সংখ্যা, SIR-এ মূলত বাদ যাওয়া এবং পরে পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে দেওয়া ভোটারের সংখ্যা নয়। তাই পৌরসভা, পৌরনিগম নির্বাচনের আগে, এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ পরিবেশনা থেকে দূরে থাকুন।”
আরও পড়ুন: নদিয়ার চাপড়ায় ভেড়াকে ধর্ষণ বৃদ্ধর, CCTV ফুটেজ দেখে গ্রেফতার এলেম মোল্লা
এদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের তীব্র সমালোচনার পরেই ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ শিরোনামটি পরিবর্তন করে দেয় সঙ্গে সঙ্গে এবং নতুন শিরোনামটি আপডেট করে লেখে যে “SIR ট্রাইব্যুনাল আপিল নিষ্পত্তি করায় ৮২,৭৮২টি নামের ৯১ শতাংশ বাংলার ভোটার তালিকায় ফিরেছেন”। এই বিতর্কিত বিষয় নিয়ে শুধুমাত্র অগ্নিমিত্রা পাল নয়, ওনার সঙ্গে একইভাবে প্রতিবাদ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।










