প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ন্যাক্কারজনক ঘটনা ঘটল নদীয়ায়, চরম যৌন বিকৃতির শিকার হতে হল নিরীহ এক ভেড়াকে। জানা গিয়েছে চাপড়া (Chapra) এলাকায় হাঁটরায় খামারের ভিতর ঢুকে এক ভেড়াকে জোর করে যৌন নির্যাতনের (sheep assault case) অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। প্রকাশ্যে এল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) । অভিযোগ পেতেই চাপড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছিল ওই অভিযুক্তকে। এবং গতকালই তাঁকে আদালতে তোলা হয়েছিল।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত সোমবার রাতে, চাপড়া এলাকায় হাঁটরায় সেখানকার বাসিন্দা রিঙ্কা বহালদারের নিজস্ব খামারের ভিতর সকলের নজর এড়িয়ে ঢুকে পড়েছিলেন এক বৃদ্ধ, নাম এলেম মোল্লা। তাঁর বাড়ি হাঁটরা বাজার এলাকায়। এরপর ওই বৃদ্ধ রাতের নির্জনতার সুযোগ নিয়ে চড়াও হয়েছিল ভেড়াটির উপর। অত্যাচারে পশুটি চিৎকার করলে পরে পালিয়ে যান অভিযুক্ত, এদিকে পোষ্যর চিৎকারে খামারে এসে রিঙ্কা বহালদার দেখেন ভেড়ার মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিছু বুঝে উঠতে না পেরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই এই ভয়ংকর দৃশ্য প্রকাশ্যে আসে।
গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বৃদ্ধকে
জানা গিয়েছে, রিঙ্কা বহালদার তড়িঘড়ি চাপড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন, সেই সঙ্গে সিসিটিভি ফুটেজটিও জমাও করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত এলে মোল্লার বিরুদ্ধে আগেই ডাকাতির চেষ্টার অভিযোগ উঠে এসেছিল। আর এবার যৌন নির্যাতনের অভিযোগ আসতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বৃদ্ধকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় সোচ্চার হয়েছে পশু সুরক্ষা কমিটি এবং ধৃতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: ঝাড়গ্রামে তোলা তুলে হাতেনাতে ধৃত পুলিশ কনস্টেবল, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা
প্রসঙ্গত, কয়েক মাসে আগে, মুম্বইয়ে দু’মাসের একটি কুকুরছানাকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছিল ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। তবে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা খবরের শিরোনামে বারংবার উঠে আসে। যা ‘পাশবিক’ শব্দটির অর্থ নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। প্রশ্ন ওঠে, চরম নিষ্ঠুরতার প্রতিযোগিতায় কে এগিয়ে, মানুষ নাকি পশু?










