ফের বিপাকে অভিষেক, এবার লালবাজারে সাইবার সেলে অভিযোগ দায়ের

Published:

abhishek bannerjee

আনিষা চৌধুরী, কলকাতা: ভিডিও বিতর্ককে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ভুয়ো ভিডিও প্রকাশের অভিযোগ তুলে লালবাজারের সাইবার সেলে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। এর আগে একই ভিডিও বিতর্কে পূর্ব বর্ধমানের কালনা থানায় অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা পুলিশের সদর দফতরে নতুন অভিযোগ জমা পড়ায় রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়ল।

কী অভিযোগ উঠছে?

অভিযোগকারী চন্দ্রচূড় গোস্বামীর দাবি, অভিষেক দ্বারা প্রকাশিত ভিডিওগুলিতে জালিয়াতি করা হয়েছে এবং সেগুলি সম্পূর্ণ ভুয়ো। তাঁর কথায়, “ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে।” এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, তদন্তের মাধ্যমে অভিষেককে গ্রেফতার করা উচিত বলেও দাবি করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, ভিডিও প্রকাশের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে রাজ্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।

উল্লেখ্য, শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগ ছিল, ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা তৈরিতে পুলিশকর্মীদের ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হলফনামায় সই করানো হয়েছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যত দূর যেতে হয় যাব। কালনা থানায় হলফনামায় সই করা হচ্ছে। যাঁরা হলফনামায় সই করছেন, তাঁরাই বলছেন ভুয়ো নোটারি। IC-র নির্দেশে হলফনামায় সই করা হয়েছে। অন্যের নাম সই করে গণতান্ত্রিক তৃণমূলের ভুয়ো হলফনামা তৈরি হয়েছে। রাজ্যের ৮০% থানায় হলফনামায় সই করানো হয়েছে।”

শুধু হলফনামা বিতর্ক নয়, রাজ্যে বিরোধিতা করলেই পুলিশকে দিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, “সরকারের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে হেনস্থা করছে। গতকাল প্রতিমা মণ্ডলের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল থেকে ৪০-৫০ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছে। আমার বিরুদ্ধে ৩০-৩৫টা মামলা করেছে। খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী হাত সরিয়ে নিয়ে গণতান্ত্রিক তৃণমূল শেষ। প্রতারণার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করুক বিচার ব্যবস্থা। আজ শুরু ট্রেলার দেখালাম, আস্তে আস্তে সিনেমা দেখাব। যিনি ব্রেকফাস্টের কথা বলছিলেন, মানুষ এবার লাঞ্চের থালা কেড়ে নেবেন। মুখ্যমন্ত্রী থেকে ঋতব্রত, অরূপ রায়, সবার বিরুদ্ধে মামলা করা উচিত। যাঁরা মিথ্যা মামলা করছেন, সবার বিচার হবে। যাঁরা মিথ্যা মামলা করাচ্ছেন, সেই সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ তৃণমূলের পার্টি অফিস সিজ করে দিয়েছে, এত ভয় কেন?”

আরও পড়ুন: তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভোট আটকানোর আর্জি, এবার স্পিকারকে চিঠি অভিষেকের

এদিকে, কালনা থানায় দায়ের হওয়া আগের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্য সাইবার ক্রাইম বিভাগ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক বৈঠকে প্রকাশিত ভিডিওগুলি জাল এবং সেগুলির মাধ্যমে পুলিশকর্মীদের মিথ্যাভাবে জড়িয়ে রাজ্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

google button