সৌভিক মুখার্জী, কলকাতা: লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করতে এনডিএতে রয়েছে পর্যাপ্ত সাংসদের সমর্থন। সোমবার শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তবে সেখানে কোনও বিলের পক্ষে বা বিপক্ষে যাতে তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদ ভোট দিতে না পারেন, সেই দাবি জানিয়ে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠালেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই ২০ জনের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে অযোগ্য ঘোষণার আবেদন যেহেতু এখনও নিষ্পত্তি হয়নি, তাই ভোটদানে তাঁদের অংশ নিতে না দেওয়ার আর্জি জানিয়ে এই লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।
ওম বিড়লাকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিন স্পিকারকে পাঠানো ওই চিঠিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট লিখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ২০ জন সদস্য এনসিপিআই-র সঙ্গে একীভূত হওয়ার দাবি করছেন এবং ফলস্বরূপ বিধানসভায় তাঁদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে। এই ২০ জন সদস্যের বিরুদ্ধে অযোগ্যতার আবেদনপত্র ১৯ জুন জমা দেওয়া হয়েছিল এবং সেগুলি এখনও বিচারাধীন রয়েছে। এদিকে লোকসভার সরকারি ওয়েবসাইটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ২৮ জন সঠিকভাবে দেখানো হচ্ছে, যার মধ্যে সেইসব সদস্যরা অন্তর্ভুক্ত, যাঁরা কথিতভাবে এনসিপিআই-র সঙ্গে একীভূত হয়েছেন।
অভিষেক আরও লেখেন, সংশ্লিষ্ট এই ২০ জন সদস্যকে বিশেষ অধিবেশন চলাকালীন ভোটাভুটিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। তাঁদের অযোগ্য ঘোষণার কার্যক্রম বিচারাধীন রয়েছে এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁদের ভোট দেওয়ার অনুমতি দিলে বিচারাধীন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। আর এই বিষয়টি ক্রমাগত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে যে, সংবিধান বিল সংক্রান্ত কার্যক্রমে তাঁদের ভোট গণনার অনুমতি দেওয়া হতে পারে, যার জন্য সরকারের ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
TMC Lok Sabha leader Abhishek Banerjee writes to Speaker Om Birla, says 20 AITC MPs who moved to NCPI not be permitted to vote during the upcoming Parliament sittings as disqualification petitions against them remain pending. Also seeks an urgent review of their separate seating arrangements in the House.
— Press Trust of India (@PTI_News) November 29, 2026
আরও পড়ুন: জিন্স, টি-শার্ট পরে আর অফিসে নয়! সরকারি কর্মচারীদের জন্য পোশাকবিধি চালু রাজ্যের
এমনকি সংবিধানের দশম তফসিলের চতুর্থ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর যুক্তি, এই অনুচ্ছেদের সুরক্ষা তখনই প্রয়োজন, যখন মূল রাজনৈতিক দল অন্য দলের সঙ্গে সংযুক্ত হয়। বিধায়ক বা সাংসদদের নিয়ে গঠিত সংসদীয় দল নিজেরাই অন্য দলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেই সুবিধা পাওয়া যায় না। এই ২০ জন সাংসদের দাবি খতিয়ে দেখা প্রয়োজন।


