ভাঙছে ইন্ডি জোট! শরদ, স্ট্যালিনকে তুষ্ট করতে চেন্নাই যাচ্ছেন মল্লিকার্জুন, মমতারা

Published:

INDIA Alliance

সৌভিক মুখার্জী, কলকাতা: মাথায় হাত ইন্ডি জোটের (INDIA Alliance)! ডিলিমিটেশন বিলের পক্ষে সরাসরি এনডিএ জোটকে সমর্থনের কথা জানিয়েছেন স্ট্যালিনের ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি। ৩৬০ জন সাংসদের যেখানে সমর্থন প্রয়োজন, সেখানে এনডিএর পক্ষে ইতিমধ্যেই রয়েছেন ৩৫৪ জন। যারা বরাবরই মোদী সরকারের বিরোধিতা করে এসেছিলেন, তারাই শেষ পর্যন্ত এই বিলকে সমর্থন জানানোর ঘোষণা করেছেন। তবে এরই মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গে রবিবার চেন্নাইয়ে ডিএমকের প্রধান এমকে স্ট্যালিন এবং মুম্বাইয়ে এনসিপির প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে চলেছেন বলেই খবর।

ডিএমকে, এনসিপির নেতার সঙ্গে বৈঠক কংগ্রেস সভাপতি

ইতিমধ্যেই প্রকাশ্যে ডিএমকের স্ট্যালিন ডিলিমিটেশন বিলের পক্ষে মোদী সরকারকে সমর্থন করবেন বলেই জানিয়েছেন। অন্যদিকে গতকাল এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এনসিপি শুধুমাত্র এই বিলকে সমর্থন করবে না, বরং আগামী দিনে ইন্ডি জোট থেকে সরাসরি বেরিয়ে এনডিএতে যোগদান করতে পারেন। এমনকি তা সম্ভব হলে শরদ পাওয়ারের কন্যা মোদীর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও যোগ দিতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সাংসদরা সরাসরি এনডিএকে সমর্থন করার পরই বদলে গিয়েছে রাজনীতির চিত্র। সেই কারণেই এবার তৎপর কংগ্রেস।

এদিন এনসিপি এবং ডিএমকে নেতার সঙ্গে বৈঠকে বসতে চেন্নাইয়ে যাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এমনকি সেখানে উপস্থিত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। পাশাপাশি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও শরদ পাওয়ারের এনসিপি এখনও সরাসরি এই আইনকে সমর্থন করবে বলে ঘোষণা করেনি। কিন্তু রাজনৈতিক মহলের অনুমান, এনসিপি এবার সরাসরি এনডিএতে যোগদান করতে পারে।

আরও পড়ুন: NDA-তে আরও এক বিরোধী দল, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছে বিজেপি সরকার

প্রসঙ্গত, শনিবার ডিএমকে জানিয়েছিল যে তারা রাজ্যজুড়ে সংসদীয় আসন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করবে এবং একইসঙ্গে লোকসভায় তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্বের অংশ সুরক্ষিত রাখার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর। বর্তমানে ডিএমকের রয়েছেন ২২ জন সাংসদ এবং এনসিপির ৮ জন লোকসভার সাংসদ। ফলে এই দুই দল যদি সরাসরি এনডিএকে সমর্থন করে, তাহলে এই বিলের পক্ষে আরও ৩০টি ভোট বেশি পাবে মোদী সরকার। তবে সব মিলিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার নিরিখে যেখানে ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন, সেখানে গেরুয়া শিবিরের সমর্থনে রয়েছেন ৩৫৪ জন। এখন দেখার, বাকি ৬ জন এমপির সমর্থন পায় কিনা এনডিএ।

google button