বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)! ব্যাট হাতে মাঠে দাপট দেখালে তাঁকে নিয়ে চারিদিকে প্রশংসা ছড়ালেও সমালোচনাটা খুব কমই হয় এই খেলোয়াড়কে নিয়ে। কিছুদিন আগেই রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে 53 বলে 204 রান করে সকলকে চমকে দিয়েছিলেন বৈভব। গড়েছিলেন একের পর এক রেকর্ড। সেই সূর্যবংশীকে টেস্ট ক্রিকেটে দেখতে চান অনেকেই। আগেই এ নিয়ে মন্তব্য করেছেন সচিন তেন্ডুলকর। এবার মুখ খুললেন স্বয়ং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক (Alastair Cook)।
বৈভব সূর্যবংশীকে নিয়ে এবার বড় মন্তব্য কুকের
প্রাক্তন ইংলিশ অধিনায়ক কুক মনে করেন লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে বৈভব সূর্যবংশীর মতো একজন খেলোয়াড়ের খুব প্রয়োজন। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈভব প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেন, “আমি বৈভব সূর্যবংশীর মতো ব্যাট করতে কাউকে দেখিনি। তাঁর ব্যাটে ধারাবাহিকতা রয়েছে। এমনকি দ্রুত স্লাইডিং বলেও যেভাবে তিনি ছক্কা হাঁকান, তা পরিষ্কারভাবে প্রমাণ করে যে তিনি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেন।”
এদিন কুক আরও বলেন, “বৈভব টি-টোয়েন্টি ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে অবিশ্বাস্য সব রেকর্ড রয়েছে তাঁর। প্রত্যেক প্রজন্মের জন্য একজন অনুপ্রেরণাদায়ী ক্রিকেটার প্রয়োজন, যিনি সকলকে অনুপ্রেরণা যোগাবেন। বৈভব যদি এমনটা করতে পারেন তবে সেটা টেস্টের জন্য খুব ভালো হবে। আমি চাই সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও নিজেকে তুলে ধরুক বৈভব সূর্যবংশী।”
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে নতুন নজির, ধোনির রেকর্ডে ভাগ বসালেন ধ্রুব জুরেল
এদিন টেস্ট ক্রিকেটে বৈভবের সাফল্যের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কুক বলে বসেন, “তাঁর মতো প্রতিভা আমি আগে দেখিনি। আমি আশা করি, টেস্ট ক্রিকেটেও নিজেকে মেলে ধরতে পারবেন বৈভব। টেস্ট ক্রিকেটে এমন একজন ক্রিকেটারকে প্রয়োজন যিনি নতুন কিছু করে দেখাতে ইচ্ছুক। সে সফল নাও হতে পারে, কিন্তু তাতে সমস্যা নেই। আমি চাইবো সাদা বলের ক্রিকেটে যেভাবে নিজের ক্ষমতা দেখিয়েছে, লাল বলের ক্রিকেটেও বৈভব নিজেকে মেলে ধরুক।”


