পোলিও আক্রান্ত শরীরে তুললেন ২৮৫ কেজি, ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস জসপ্রিতের

Published:

Jaspreet Kaur

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র তিন বছর। তখনই শরীরে বাসা বেঁধেছিল পোলিও। ফলে হাঁটার জন্য ব্যবহার করতে হতো ক্যালিপার। শরীরের পাশাপাশি ভেঙে গিয়েছিল মনও। তবে সেই সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে বাহরাইনের মানামায় বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং (Powerlifting) চ্যাম্পিয়নশিপে রুপো জিতে দেশের মুখজ্জ্বল করলেন জসপ্রিত কৌর (Jaspreet Kaur)। ভারতের প্রথম মহিলা পাওয়ার লিফটার হিসেবে বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে কোনও পদক জিতলেন তিনি। তাতে দেশের রেকর্ড বুকে জুড়ে গেল নতুন পৃষ্ঠা।

দেশের জন্য ইতিহাস তৈরি করলেন জসপ্রিত

বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে মহিলাদের 50 কেজির বিভাগে মোট 285 কেজি ওজন তুলেছিলেন ভারতের মেয়ে জসপ্রিত। সেই সূত্রে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। দেশের প্রথম মহিলা হিসেবে ঘরে তোলেন রুপোর পদক। তাঁর সফল লিফট ছিল যথাক্রমে 92, 96 ও 97 কেজি। তবে অল্পের জন্য হাত ছাড়া হয়েছে সোনা। ভারতীয় খেলোয়াড়ের চোখের সামনে থেকে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী।

জানা যাচ্ছে, রাশিয়ার আলফিয়া জিমাগুল্লোভা 302 কেজি তুলে প্রথম স্থান অধিকার করার সাথে সাথে জিতে নিয়েছেন সোনার পদক। তবে সোনা জিততে না পারলেও ভারতের প্রথম মহিলা হিসেবে বিশ্বমঞ্চে পাওয়ার লিফটিংয়ে পদক জিতে এনেছেন জসপ্রিত, সেটাই ভারতের নামে বিশ্বের বুকে ইতিহাস হয়ে থাকবে। তবে এত সহজে আসেনি সাফল্য। ভারতীয় প্রতিযোগীর এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর দীর্ঘ জীবন সংগ্রাম।

শারীরিক সমস্যার মধ্যে দিয়েও NIT Kozhikode থেকে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছিলেন জসপ্রিত। তবে একটা দীর্ঘ সময় বসে কাজ করার কারণে 2020 সালে জসপ্রিতের ওজন পৌঁছে গিয়েছিল প্রায় 80 কেজিতে। ফলে মেরুদন্ডেও সমস্যা দেখা দেয় তরুণীর। এছাড়াও একাধিক সমস্যায় ভুগতে হচ্ছিল তাঁকে। যার জেরে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে ওজন কমানোর দিকে মনোনিবেশ করেন জসপ্রিত। তখনও প্যারা স্পোর্টসের সঙ্গে পরিচয় হয়নি তাঁর।

 

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে বিপর্যয়, ৫ উইকেট তুলেও ম্যাচের মাঝপথে বাদ পড়লেন আকাশদীপ

দীর্ঘ প্রায় দেড় বছর পরিশ্রম করে নিজের 40 কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন জসপ্রিত। তারপরেই পাওয়ার লিফটিংয়ে ঝোঁক আসে তাঁর। শুরু করেন নিয়মিত অনুশীলন। একটা দীর্ঘ সময় নিজেকে ঝালিয়ে নিয়ে গত বছর খেলো ইন্ডিয়া প্যারা গেমসে মহিলাদের 45 কেজির বিভাগে অংশ নিয়ে 101 কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েছিলেন এই তরুণী। এরপর এশিয়া-ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের পর সরাসরি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস লিখলেন জসপ্রিত। নিজের সাফল্যের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করলেন, হাজারো প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন পূরণ সম্ভব।

google button