২৭ হাজার কোটি, ৫২ মিলিটারি স্যাটেলাইট! চিন, পাকিস্তান, তুর্কির আঁতাত ভাঙতে প্রস্তুতি ভারতের

Published:

Pakistan Space Power

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের ঘাড়ে চেপে মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে পাকিস্তানের (Pakistan)। আর পশ্চিমের দেশের বাড়তে থাকা এই মহাকাশ সক্ষমতা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের (India)! ড্রাগনের সাহায্য নিয়েই মহাকাশ ক্ষেত্রে নিজের ক্ষমতা বাড়াচ্ছে ইসলামাবাদ, এমনটাই জানালেন, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রামনি। শুধু তাই নয়, আগামী দিনে পাকিস্তানকে এই ক্ষেত্রে তুরস্কও সাহায্য করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তানের মহাকাশ সক্ষমতা নিয়ে সতর্ক ভারত

গত শুক্রবার, নয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘Future of Warfare and India’s Preparedness to Conduct Multi-Domain Operations’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রামনি একেবারে খোলাখুলি বলেন, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা SUPARCO নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে। পাশাপাশি চিনের কাছ থেকে বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে নজরদারি ও পুনরুদ্ধার, পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং সংক্রান্ত প্রযুক্তির সুবিধাও পেতে পারে ইসলামাবাদ।

দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের কথায়, “পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে। আগামী দিনে চিনের উন্নত প্রযুক্তিও ব্যবহার করতে পারে তারা। এর ফলে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সামরিক সক্ষমতা অনেকটাই বেড়ে যেতে পারে। ভবিষ্যতে তুরস্কও পাকিস্তানকে সাহায্য করতে পারে। তাই এই সব বিষয়গুলি ভারতের কৌশলগত সামরিক পরিকল্পনায় রাখা উচিত।”

চিনের সাথে সরাসরি প্রতিযোগিতায় না যাওয়ার পরামর্শও দিয়েছেন সুব্রামনি। তাঁর বক্তব্য ছিল, চিনের সবকিছু অর্জনের চেষ্টা করা ভারতের ঠিক হবে না! বরং সীমান্তে নজরদারি বাড়ানো থেকে শুরু করে একই এলাকায় পুনরায় নজরদারির ক্ষেত্রে মধ্যবর্তী সময় কমিয়ে আনার মতো বিষয়গুলিতে নজর দেওয়া উচিত। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে ভারতও নিজেদের মহাকাশ-ভিত্তিক সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বলেই জানালেন তিনি।

আরও পড়ুন: পোলিও আক্রান্ত শরীরে তুললেন ২৮৫ কেজি, ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস জসপ্রিতের

এদিন ভারতের প্রস্তুতির কথা উল্লেখ করে CDS জানান, স্পেস বেইসড সার্ভেইল্যান্স বা দ্বিতীয় পর্যায়ের SBS কর্মসূচির মাধ্যমে ভারতের নজরদারি ক্ষমতা আরও বাড়বে। এর পাশাপাশি মহাকাশ সক্ষমতা বৃদ্ধি, আরও বেশি স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণ করার লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলির সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত। বলে রাখা প্রয়োজন, 2024 সালের অক্টোবর মাসে অনুমোদন পেয়েছিল 26,968 কোটি টাকার এই প্রকল্প। যার আওতায় 5 বছরে 52টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

google button