সহেলি মিত্র, কলকাতা: এবার কেদারনাথ ও বদ্রীনাথে ট্রেন (Kedarnath Badrinath Train) চলবে? এই নিয়ে প্রকাশ্যে বড় আপডেট এসেছে যা সকলকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আসলে উত্তরাখণ্ডের (Uttarakhand) এই উচ্চাভিলাষী রেল প্রকল্পটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই ট্রেনটি ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ একটি টানেলের মধ্যে দিয়ে যাবে। এই রেল সংযোগ চিন সীমান্তের নিকটবর্তী এলাকাকে শক্তিশালী করতে সাহায্য করবে বলে অনুমান। চলুন এই প্রকল্পটি সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।
এবার কেদারনাথ-বদ্রীনাথ যাওয়া যাবে ট্রেনে?
জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের (Rishikesh Karnaprayag Rail Project) ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ ১৪ নম্বর সুড়ঙ্গের কাজে সাফল্য মিলেছে। সুমেরপুরের পোর্টাল ১ থেকে মারোরার পোর্টাল ২ পর্যন্ত ৪.৭ কিলোমিটার দূরত্বে খনন করা সুড়ঙ্গ দুটিকে সংযুক্ত করা হয়েছে। সুমেরপুরের পোর্টাল ১ এবং মারোরামের পোর্টাল ২ থেকে খনন করা দুটি টানেল সংযুক্ত করা হয়েছে। এই রেল প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ১২৫ কিলোমিটার পথের ৮৩ শতাংশই টানেলের মাধ্যমে সম্পন্ন হয়েছে, ফলে চীন সীমান্তের কাছাকাছি যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।
থাকবে ১৬টি টানেল, ১৯টি সেতু
সূত্রের খবর, এই প্রকল্পে মোট ১৬টি টানেল এবং ১৯টি সেতু থাকবে। রেল মন্ত্রক জানিয়েছে যে, ট্রিপল ট্র্যাক টানেলটির ১১০ মিটার অংশ মানব বসতির নীচের স্তর থেকে খনন করা হয়েছে, যার উপরে ২০-৩০ মিটার মাটি ও পাথরের স্তর ছিল। নিরাপদ খনন নিশ্চিত করতে প্রি-এক্সকাভেশন এবং মাল্টি-ড্রিফটিং-এর মতো বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: ভাঙছে ইন্ডি জোট! শরদ, স্ট্যালিনকে তুষ্ট করতে চেন্নাই যাচ্ছেন মল্লিকার্জুন, মমতারা
এখন প্রশ্ন উঠছে, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পটি কেন গুরুত্বপূর্ণ? ঋষিকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে নির্মিতব্য রেললাইনটি উত্তরাখণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি শুধু একটি রেললাইনই হবে না, বরং এটি পাহাড়ি অঞ্চলের বাসিন্দা, পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য পরিবহনের একটি নতুন মাধ্যমও সরবরাহ করবে। এই পথটি কর্ণপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ থেকে পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে পৌঁছানো আরও সহজ করে দেবে। এটি ভবিষ্যতে কেদারনাথ ও বদ্রীনাথগামী যাত্রীদেরও সুবিধা দেবে। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর দৈর্ঘ্যের ৮৩ শতাংশ সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে।


