৪ মামলায় রক্ষাকবচ চান সুমিত, হাইকোর্টে ধাক্কা খেয়ে সর্বোচ্চ আদালতে অভিষেকের পিএ

Published:

Sumit Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকি সুমিতের স্ত্রী মানবাধিকার কমিশনের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। তবে এবার চার মামলায় রক্ষাকবচ চেয়ে ফের সর্বোচ্চ আদালতে গেলেন সুমিত রায়। তাঁর দাবি, একটি মামলায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি মামলাগুলিতে শোন অ্যারেস্ট আটকে এবং তদন্ত প্রক্রিয়া স্থগিত করে রক্ষাকবচ দিক আদালত।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুমিত রায়

নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। শালবনিতে সরকারি জমি দুর্নীতির পাশাপাশি ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। এছাড়া আরও একাধিক থানায় বিভিন্ন অভিযোগে সুমিতের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। অন্যদিকে ডায়মন্ড হারবারের এক পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় সুমিতকে শোন অ্যারেস্ট করা হয়েছে। তবে এবার বাকি মামলাগুলিতে তদন্ত প্রক্রিয়া স্থগিত করে রক্ষাকবচের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুমিত। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

সেপ্টেম্বরে সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। শালবনি থানার ওই মামলায় এখনও পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন তিনি। অন্যদিকে কালিতলা, গরবেতা, শালবনি, ডায়মন্ডহারবার থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। সেই মামলাগুলিতেই রক্ষাকবচ চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এর আগে তাঁর আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, কোনও অভিযুক্ত সব মামলায় একসঙ্গে সুরক্ষা চাইতে পারে না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের পথ খোলা রয়েছে। কোনও ফৌজদারি মামলার তদন্ত যখন চলছে, তখন আদালতের সামনে সমস্ত তথ্য-প্রমাণ নাও থাকতে পারে। সেক্ষেত্রে তদন্তের মাঝপথে হস্তক্ষেপের বিষয়ে আদালত সতর্ক থাকতে চায়।

আরও পড়ুন: ফের বিপাকে অভিষেক, এবার লালবাজারে সাইবার সেলে অভিযোগ দায়ের

এমনকি বিচারপতি আরও জানিয়েছিলেন, কোনও ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি বা কড়া পদক্ষেপ করা যাবে না–এরকম নির্দেশ বারবার দেওয়া যায় না। আর সেই কারণেই সুমিতের আবেদন খারিজ হয়। তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেকের আপ্তসহায়ক। তাঁর দাবি, ২০২৬ সালের আগে তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি। রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্যই বিরোধীরা এই মামলাগুলি করছে।

google button