আজই শেষ হচ্ছে না জনকল্যাণ শিবির, বাড়ানো হল মেয়াদ, কতদিন চলবে?

Published:

Jan Kalyan Shivir

সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকার চালু করেছিল দুয়ারে সরকার কর্মসূচি। এবার বিজেপি সরকার চালু করেছে জনকল্যাণ শিবির (Jan Kalyan Shivir)। গত ১৫ জুন থেকে রাজ্যজুড়ে বসছে এই ক্যাম্প, এবং আজ অর্থাৎ ১৭ জুন পর্যন্ত তা চলার কথা ছিল। প্রতিটি শিবিরেই একেবারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। সেই কারণে জনগণের সুবিধার্থে আরও একদিন বাড়ানো হল জনকল্যাণ শিবিরের মেয়াদ। অর্থাৎ আগামী ১৮ জুন বা বৃহস্পতিবার পর্যন্ত জনকল্যাণ শিবির চলবে।

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ

রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিনদিন জনকল্যাণ শিবির বসবে। রাজ্যজুড়ে মোট ১১০০ টি শিবিরের আয়োজন করা হয়। কিন্তু জনগণের সুবিধার্থে সেই শিবির বাড়িয়ে ২ হাজারের বেশিতে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাতেও সমস্যা মিটছে না আমজনতার। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পিএম কিষান, আবাস যোজনা কিংবা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প, সবকিছুর সুবিধা মিলছে এখানে। জনগণের অতিরিক্ত ভিড় দেখেই এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল জনকল্যাণ শিবিরের মেয়াদ।

উল্লেখ্য, আজ জনকল্যাণ শিবিরের তৃতীয় দিন। এদিন সকাল সকাল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর কর্মসূচি রয়েছে বলে খবর। এমনকি গত পরশুদিন নন্দীগ্রাম থেকে নিজেই আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত জনকল্যাণ শিবিরে মোট ২৬ লক্ষ ১১ হাজার ২২২ জন মানুষ নিজের নাম নথিভুক্ত করেছেন। যাদের মধ্যে মহিলা সদস্যের সংখ্যা বেশি। কারণ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলাদের মধ্যে তৎপরতা তুঙ্গে।

আরও পড়ুন: “অরূপ দা আপনার….” এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ শতদ্রুর

রিপোর্ট বলছে, মঙ্গলবার পর্যন্ত বাংলায় জেলায় জেলায় মোট ২০৪৩টি শিবির বসেছে। তবে এই শিবিরের মেয়াদ একদিন বারানোর ঘোষণা হতেই যে খুশির হাওয়া বইছে সাধারণ মানুষের মধ্যে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, যারা এখনও পর্যন্ত বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ফর্ম ফিলাপ করতে পারেননি তারা আরও একদিন সময়সীমা পাচ্ছেন। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। আসলে এই তিনদিন শিবিরগুলিতে দিনভর দীর্ঘ লাইন চোখে পড়ছে। তীব্র রোদ এবং প্রচন্ড গরমেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই শিবিরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।