“অরূপ দা আপনার….” এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ শতদ্রুর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠেই মেসি (Lionel Messi) ম্যাজিক দেখে মন ভাল হয়ে গিয়েছে ভক্তদের। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েই হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ফুটবলে তিনি কতটা দক্ষ 38 বছর বয়সে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটা বুঝিয়ে দিয়েছেন মেসি। আলজেরিয়াকে হারিয়ে মেসি প্রমাণ করেছেন, সাফল্যের পথে বয়স বাধা হতে পারে না। আর মেসির এই সাফল্য নিয়েই এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) কাছে বিশেষ অনুরোধ শতদ্রু দত্তের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল নেতাকে খোঁচা দিলেন তিনি।

মেসির হ্যাটট্রিক নিয়ে অরূপ বিশ্বাসকে খোঁচা শতদ্রুর

আজ, ম্যাচের প্রথম থেকেই মেসিকে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই মতোই প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে সাফল্য বুঝে নিয়েছেন তিনি। ম্যাচের 21 মিনিট থেকে শুরু করে একেবারে শেষের আগে পর্যন্ত পরপর তিনটি গোল করেন লিও। আর তাতেই স্বপ্ন ভঙ্গ হয় আলজেরিয়ার। এবার মেসির সেই হ্যাটট্রিক নিয়ে অরূপ বিশ্বাসকে খোঁচা দিলেন শতদ্রু দত্ত।

আলজেরিয়ার ম্যাচে মেসি তিন গোল সম্পূর্ণ করতেই নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন বাঙালি ক্রীড়া সংগঠক। সেখানে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে শতদ্রু লেখেন, “অরূপ দা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে এবার তো বেরিয়ে আসুন।” ক্রীড়া সংগঠকের এমন পোস্ট দেখে কার্যত হাসির রোল পড়ে গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। নেটিজেনদের অনেকেই পোস্টটির কমেন্ট বক্সে অরূপ বিশ্বাসকে নিয়ে নানান অকথা, কুকথা লিখছেন।

অবশ্যই পড়ুন: গণনায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী

উল্লেখ্য, সম্প্রতি শতদ্রু দত্তের দায়ের করা মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই মামলার শুনানি চলাকালীন প্রাক্তন মন্ত্রীকে ভৎসনা করলেও তাঁকে সাময়িক রক্ষাকবচ দিয়েছে আদালত। আর তাতেই অসন্তুষ্ট শতদ্রু। গতকাল নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন বাঙালি ক্রীড়া সংগঠক। ভবিষ্যতে এই ঘটনায় সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।